যশোরে কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ২ কর্মীসহ আহত ৩
ছবি: সংগৃহীত
০২:০২ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল ব্রিকস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী ও কারখানার এক শ্রমিক আহত হয়েছেন।
যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে ব্রিকসের ২ নম্বর শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো শেডে ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের ভয়াবহতা বিবেচনায় যশোর সদর ছাড়াও বাঘারপাড়া, নওয়াপাড়া ও মনিরামপুর স্টেশন থেকে মোট ৭টি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মী, শ্রমিক ও স্থানীয় জনতার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আফিল গ্রুপের ম্যানেজার আশরাফুল হক জানান, আগুনে কারখানার শেডে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলাকালীন আহত দুই ফায়ার সার্ভিস কর্মী ও এক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিশ্চিত হওয়া যাবে।
আইকে/টিকে