এবার ‘গোপন কথা’ ফাঁস করলেন তাসনিয়া ফারিণ
ছবি: সংগৃহীত
০৩:৩৩ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
তাসনিয়া ফারিণ এখন কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আবু হায়াত মাহমুদের নতুন সিনেমা প্রিন্স-এর শুটিংয়ে। এই ছবিতে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। শুটিংয়ের ফাঁকে পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিন-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর কাজ, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা দিক।
কলকাতায় শুটিং প্রসঙ্গে ফারিণ জানান, এর আগে তিনি কাজ করেছিলেন আরও এক পৃথিবী সিনেমায়। তবে সেই ছবির বেশির ভাগ শুটিং হয়েছিল লন্ডনে, কলকাতায় খুব অল্প সময় কাজ করার সুযোগ পেয়েছিলেন। এবারই প্রথম পুরোপুরি কলকাতাজুড়ে শুটিংয়ের অভিজ্ঞতা হচ্ছে তাঁর। কাজের ফাঁকে শহরটাকে নতুন করে উপভোগ করছেন বলেও জানান অভিনেত্রী। বিশেষ করে হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফে সংস্কৃতি তাঁর বেশ পছন্দ। তাঁর ভাষায়, ওই রাস্তায় যত ক্যাফে আছে, এক মাস ঘুরলেও শেষ হবে না।

কলকাতার আরও কিছু কাজ নিয়েও কথা বলেন ফারিণ। দেব-এর সঙ্গে ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও ভিসা-জটিলতার কারণে তা আর হয়ে ওঠেনি। পাশাপাশি আরেকটি ছবির পরিকল্পনাও ছিল, সেটিও বাস্তবায়ন হয়নি। তবে শোনা যাচ্ছে, নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী-এর নতুন একটি প্রজেক্টে দেখা যেতে পারে তাঁকে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, একটি কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত না হওয়ায় বিস্তারিত কিছু বলতে চান না তিনি।
দুই বাংলার কাজের অভিজ্ঞতা তুলনা করতে গিয়ে ফারিণ বলেন, একই ভাষা, মিল থাকা সংস্কৃতি, পরিবারকেন্দ্রিক জীবন ও মূল্যবোধ-সব মিলিয়ে গল্পগুলো তাঁর কাছে খুব কাছের মনে হয়। কলকাতার কোনো চিত্রনাট্য হাতে পেলেও তাঁর কখনো মনে হয় না যে তিনি অন্য দেশের গল্প পড়ছেন।
ব্যক্তিজীবন নিয়েও খোলামেলা কথা বলেন ফারিণ। ২০২৩ সালে শেখ রেজওয়ান-কে বিয়ে করেন তিনি। স্বামী যুক্তরাজ্যে থাকায় প্রায়ই ঢাকা ও লন্ডনের মধ্যে যাতায়াত করতে হয় অভিনেত্রীকে। দূরত্বের সম্পর্কের চ্যালেঞ্জ প্রসঙ্গে ফারিণ বলেন, নিয়মিত আসা-যাওয়ার মধ্যেই থাকতে হয়। দুজনের পেশাগত ব্যস্ততার কারণে দীর্ঘ সময় কথা বলাও সবসময় সম্ভব হয় না। তবে এক ‘গোপন’ তথ্য জানিয়ে তিনি বলেন, তাঁর অবস্থান সবসময় স্বামীর সঙ্গে শেয়ার করা থাকে, যেন তিনি দেখে বুঝতে পারেন যে ফারিণ নিরাপদে আছেন।
আইকে/টিকে