ঘুষের লাখ টাকাসহ উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক
ছবি: সংগৃহীত
০৭:৩৬ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ফেনীর সোনাগাজী উপজেলায় ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও এক কার্যসহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের।
দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে উপঠিকাদার হুমায়ুন কবির বিল দাখিল করেন। বিলের অর্থ ছাড়ের জন্য যোগাযোগ করলে তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়। একপর্যায়ে উপঠিকাদার দুদকের ফাঁদ অভিযানের অংশ হিসেবে এক লাখ টাকা ঘুষ দেওয়ার সম্মতি দেন।
বৃহস্পতিবার দুপুরে ওই এক লাখ টাকা নিয়ে তিনি পিআইও কার্যালয়ে গেলে কার্যসহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাঈদ তা গ্রহণ করেন। এ ফাঁদ অভিযানে দুদকের একটি দল তাদের হাতেনাতে আটক করে। একইসঙ্গে তাদের কাছ থেকে ঘুষের এক লাখ টাকা জব্দ করে।
ভুক্তভোগী ঠিকাদার হুমায়ুন কবির রানা বলেন, পিআইও আমার কাছ থেকে আগে ঘুষ হিসেবে বিভিন্ন সময় সাড়ে পাঁচ লাখ টাকা নিয়েছেন। এবার ১২ লাখ টাকা ঘুষ দাবি করলে ১ লাখ টাকা দিতে রাজি হই। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার এক লাখ টাকা দিতে গেলে দুদক কর্মকর্তারা অভিযানে গিয়ে তাদের আটক করেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা বলেন, ঘটনার সময় কার্যালয়ে ছিলাম না। এর আগেই ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। পরবর্তী বিষয়টি অবগত হয়েছি।
দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ভুক্তভোগী উপঠিকাদার দুদকে একটি লিখিত অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে এ ফাঁদ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা করেছেন।
এসএস/এসএন