© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ পুরস্কার জিতে বাজিমাত করলো অ্যাভাটার!

শেয়ার করুন:
৭ পুরস্কার জিতে বাজিমাত করলো অ্যাভাটার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
চলচ্চিত্রের কল্পনাকে বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়ার লড়াইয়ে এবারও নিজের আধিপত্য প্রমাণ করল অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ। ২৪তম ভিজ্যুয়াল এফেক্টস সোসাইটি পুরস্কারে ছবিটি যেন একাই ঝড় তুলেছে। ফোটোরিয়াল ফিচার বিভাগে সেরা ভিজ্যুয়াল এফেক্টসসহ মোট সাতটি পুরস্কার জিতে নিয়েছে বহুল আলোচিত এই ছবি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অ্যাভাটার চলচ্চিত্র ধারার তৃতীয় কিস্তিতে আগের পর্বগুলোর তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ছবির ভিজ্যুয়াল এফেক্টস তত্ত্বাবধায়ক এরিক সাইনডন জানিয়েছেন, পুরো ছবিতে আগুনের দৃশ্য নির্মাণ ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। প্রতিটি আগুনের আচরণ আলাদা হওয়ায় জ্বালানি ও অক্সিজেনের ভারসাম্য নিখুঁতভাবে উপস্থাপন করতে হয়েছে। বাস্তবের মতো আগুনের গতিবিধি ফুটিয়ে তুলতেই দীর্ঘ সময় ব্যয় করেছে দলটি।

এবারের আসরে আলো ছড়িয়েছে কে-পপ ডেমন হান্টার্স-ও। ছবিটি তিনটি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে সেরা অ্যানিমেটেড ফিচার এবং অ্যানিমেটেড ফিচারে সেরা চরিত্র বিভাগে ‘রুমি’। অ্যানিমেশনের সূক্ষ্মতা ও চরিত্র নির্মাণে অভিনবত্বের জন্য প্রশংসা কুড়িয়েছে ছবিটি।



অন্যদিকে জুটোপিয়া ২ অ্যানিমেটেড ফিচারে সেরা পরিবেশ বিভাগে পুরস্কার পেয়েছে। ছবির ‘মার্শ মার্কেট’ পরিবেশ নির্মাণে সৃজনশীলতা বিচারকদের নজর কাড়ে।

টেলিভিশন বিভাগেও ছিল চমক। অ্যান্ডর দুটি পুরস্কার জিতেছে, যার মধ্যে ফোটোরিয়াল প্রকল্পে সেরা বিশেষ এফেক্টস অন্যতম। একইভাবে প্রিহিস্টোরিক প্ল্যানেট: আইস এজ-ও দুটি বিভাগে স্বীকৃতি পেয়েছে।

বিশেষ সম্মাননায় এ বছরের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে প্রযোজক জেরি ব্রুকহেইমার-কে। আর ভিশনারি পুরস্কার পেয়েছেন ওয়েটা ওয়ার্কশপের সহপ্রতিষ্ঠাতা রিচার্ড টেলর। ভিজ্যুয়াল এফেক্টস জগতে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে সিনার্স, দ্য রেসিডেন্স, দ্য ফল অব দ্য হাউস অব উশার, ঘোস্ট অব ইয়োতেই, দ্য উইজার্ড অব ওজ এট স্পিয়ার, এফ১: দ্য মুভি, দ্য লাস্ট অব আস এবং ছাত্র প্রকল্প বিভাগে আজিমুথ।

আয়োজকদের ভাষ্য, ভিজ্যুয়াল এফেক্টস শিল্প প্রতিনিয়ত নিজের সীমা অতিক্রম করছে। নতুন প্রযুক্তি ও সৃজনশীল প্রয়োগের মাধ্যমে নির্মাতারা বিশ্বব্যাপী দর্শকদের জন্য কল্পনার নতুন দিগন্ত উন্মোচন করছেন। এবারের বিজয়ীরা সেই উৎকর্ষতারই প্রতীক হয়ে উঠেছেন।

এমকে/এসএন

মন্তব্য করুন