রমজানের দ্বিতীয় সপ্তাহে ব্রয়লারের চেয়ে মাছের দাম বেশি, গরুর মাংসের দাম কিছুটা অপরিবর্তিত
ছবি: সংগৃহীত
১২:৩০ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর বাজারে মাছ, ব্রয়লার মুরগী ও গরুর মাংসের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। দুই শত টাকার নিচে মাছ পাওয়া যাচ্ছে না। ব্রয়লার মুরগীর কেজি বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকায়, যা রমজানের প্রথম সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা কমেছে। গরুর মাংসের দাম এখনও ৮০০ টাকা কেজি।
সোনালি জাতের মুরগীর কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, আগের সপ্তাহে যা ছিল ৩২০ টাকা।
মাছের বাজারেও দাম বেড়েছে। পাঙ্গাস ২০০-২২৫ টাকা, তেলাপিয়া ২০০-২৫০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা, মৃগেল ৩০০-৩২০ টাকা, দেশি টেংরা ৪৫০ টাকা, বাইন ৬০০ টাকা, চিংড়ি ৫৫০-৯০০ টাকা, সইল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন, রুই, কাতলা ও টেংরা কিনতে তাদের বাজেটের বেশি খরচ করতে হয়।
মোহাম্মদপুরের বাজারে কাঞ্চন মিয়া বলেন, “আগের তুলনায় পাঙ্গাস ও তেলাপিয়ার দাম বেড়ে গেছে। নিম্ন আয়ের মানুষ এ ধরনের মাছ কিনতে পারছে না।”
বাজারে মাছের চাহিদা গরু ও মুরগীর তুলনায় বেশি। তবে ব্রয়লার মুরগির দাম কম থাকায় ক্রেতারা এটিকে স্বস্তিদায়ক মনে করছেন।
রায়েরবাজারের মুরগি ব্যবসায়ী জামাল হোসেন বলেন, “বাজারে ব্রয়লার মুরগীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দামও গত সপ্তাহের তুলনায় কম।”
ক্রেতা আনিসুল ইসলাম বলেন, “আজ ১৭৫ টাকায় ব্রয়লার মুরগি কিনেছি। প্রথম রোজার দিনে কেজি ১৯০ টাকা ছিল।”
কেএন/এসএন