জনগণের ক্ষতি করলে সরকারকে ছাড় দেবে না বিরোধী দল : জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৮:৩৩ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি ভালো কাজ করে তাতে অবশ্যই বিরোধী দলকে পাশে পাবে। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এমনকি আল্লাহর দ্বিনের কোনো বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেখানে ছাড় দেবে না বিরোধী দল। সরকারি দলের কেউ যাতে অপরাধীদের পাশে না দাঁড়ান সেই আহ্বানও জানান তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশ ভালো থাকার জন্য সরকারি দল বিরোধী দল ও নির্দলীয় যারা আছেন সবাইকে কাজ করতে হবে। কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।
আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার যেন এদিকে যথাযথ মনোযোগ দেন। বিশেষ করে সরকারদলীয় কেউ যেন এসব অপরাধের দায়দায়িত্ব না নেন এবং এসব অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকজন দাঁড়ানো শুরু করেন, তবে এ সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব হবে না। সরকারি দলের লোকজন যদি এই সদিচ্ছা দেখাতে পারেন তবে সমাজ এবং দেশ ভালো থাকবে।আমরা এটাই প্রত্যাশা করি।
নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশ কেমন চলছে? এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অবস্থা ভালো নেই। এর জন্য সরকার দলের কিছু দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ কেউ কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে অস্থির করে তুলছে এবং সমাজকে উসকে দিচ্ছে। এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালো থাকবে কিভাবে, এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।
এমআই/টিকে