© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের বাসস্থান থাকতেও, কেন ভাড়ায় বাড়ি নিলেন শ্রদ্ধা কাপুর?

শেয়ার করুন:
নিজের বাসস্থান থাকতেও, কেন ভাড়ায় বাড়ি নিলেন শ্রদ্ধা কাপুর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
মুম্বাই শহরে নিজের একাধিক বাসস্থান থাকা সত্ত্বেও আবারও ভাড়াবাড়িতে উঠলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রতি মাসে ছয় লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে তাঁকে। এক বছরের চুক্তিতে মোট বাহাত্তর লক্ষ টাকার বিনিময়ে জুহুর একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়েছেন তিনি।

জুহু বরাবরই মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত। সমুদ্রঘেঁষা এই পাড়াতেই বলিউডের বহু প্রথম সারির তারকার বাস। সেই পরিবেশেই নতুন ঠিকানা বেছে নিয়েছেন শ্রদ্ধা। প্রায় তিন হাজার নয়শো ঊনত্রিশ বর্গফুটের এই বাড়িতে রয়েছে চারটি গাড়ি রাখার জায়গা। প্রশস্ত পরিসর, গোপনীয়তা এবং নিরাপত্তা সব মিলিয়ে তারকাদের জন্য আদর্শ আবাসন বলেই পরিচিত এই অঞ্চল।

জানা গিয়েছে, আগামী এক বছরের জন্য নতুন করে চুক্তিপত্রে সই করেছেন অভিনেত্রী। অর্থাৎ অন্তত আরও এক বছর জুহুতেই কাটবে তাঁর দিনযাপন। প্রশ্ন উঠছে, নিজের বাড়ি থাকতে কেন ভাড়াবাস? ঘনিষ্ঠ মহলের মতে, কাজের সুবিধা, নির্দিষ্ট লোকেশন এবং ব্যক্তিগত পরিসরের কারণেই অনেক সময় তারকারা আলাদা করে বাড়ি ভাড়া নেন। বলিউডে এ প্রবণতা নতুন নয়।



এর আগে ইমরান খান ও তাঁর সঙ্গিনী লেখা ওয়াশিংটন মাসে নয় লক্ষ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। একইভাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন-ও ভাড়াবাসে ছিলেন, তাঁদের মাসিক ভাড়া ছিল সাত লক্ষ টাকা। ফলে শ্রদ্ধার সিদ্ধান্তকে অস্বাভাবিক বলছেন না শিল্পমহলের অনেকে।

কাজের দিক থেকেও বেছে বেছে এগোন শ্রদ্ধা। ২০২৪ সালে মুক্তি পাওয়া স্ত্রী ২ ছবিতে অভিনয় করে বক্স অফিসে সাফল্য পেয়েছিলেন তিনি। তারপর থেকে বড়পর্দায় তাঁকে আর দেখা যায়নি। নতুন ছবির ঘোষণা না এলেও ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্ত ঘিরে ফের আলোচনায় উঠে এলেন অভিনেত্রী।

তারকাদের জীবনযাপন নিয়ে কৌতূহল বরাবরই থাকে দর্শকদের। সেই কৌতূহলেই যোগ হল নতুন অধ্যায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল ভাড়াবাসে শ্রদ্ধা কাপুর।

পিআর/টিকে

মন্তব্য করুন