চাঁদপুরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
ছবি: সংগৃহীত
১২:৪৭ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় পার্কিং করা দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেস তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুন্সিরহাট বাজার এলাকায় বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী পার্কিং করা বাসে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মুন্সীরহাট বাজার এলাকায় বেশ কয়েকটি বাস পার্ক করে রাখা ছিল। হঠাৎ একটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী অবস্থান না করায় বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে একটি ‘জৈনপুরী এক্সপ্রেস’ বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
ইউটি/টিএ