হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ ৪ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০১:৪৩ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে একই প্রতিষ্ঠানের মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক, সায়েম শিকদার গ্রেপ্তার হন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ১০/২২ জনকে আসামি করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর রুমে সাক্ষাৎ হলে আসামিরা তাকে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং কনভোকেশন অংশগ্রহনের জন্য বলেন। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে আসমি রাজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান। আসামি রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমন্ডলে আঘাত করে।
এতে তার নাকে লেগে নাকের উপরিভাগ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা তাকে ভয়ভীতি ও হুমকি দেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়।
গত বছরের জুলাই মাসে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে গ্রেপ্তার হয়েছিলেন রিয়াদ।
রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য।
পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। রিয়াদ সেখানে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন।
এ সময় তাকে বাধা দেয়া হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ পড়ুয়া বাঁধন নামের এক শিক্ষার্থীকে সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করেন রিয়াদ। পরে ঘটনাস্থলে থাকা অন্য শিক্ষার্থীদের সহায়তায় রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রিয়াদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইউটি/টিএ