বন্ধ হচ্ছে না জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ!
ছবি: সংগৃহীত
০৯:৫০ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
কয়েক দিন ধরেই টলিপাড়ায় ভাসছিল গুঞ্জন। বলা হচ্ছিল, রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিকে ফিরছেন রণজয় বিষ্ণু। আর সেই কারণেই নাকি বন্ধ হতে চলেছে তাঁর বর্তমান মেগা ‘গৃহপ্রবেশ’। জল্পনা এতটাই জোরাল হয়েছিল যে দর্শকের একাংশ ধরে নিয়েছিলেন, বিদায় নিতে চলেছে জনপ্রিয় ধারাবাহিকটি।
অবশেষে সেই জল্পনায় ইতি টানল রাজের টিম। স্পষ্ট জানানো হয়েছে, ‘গৃহপ্রবেশ’ বন্ধ হচ্ছে না। যেমন চলছিল, তেমনই চলবে। বরং একই চ্যানেলে আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক। অর্থাৎ একসঙ্গে দু’টি মেগা নিয়ে হাজির হবেন রাজ চক্রবর্তী।

এই নতুন ধারাবাহিকেই মুখ্য জুটিতে দেখা যাবে রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারকে। সদ্য বিয়ে সেরে কাজে ফিরছেন রণজয়। তাঁর বিপরীতে থাকছেন ‘তোমাদের রানি’ খ্যাত অভীকা। বড়পর্দায় রাজের প্রযোজনায় কাজের পর এবার ছোটপর্দাতেও তাঁর হাত ধরেই ফিরছেন অভীকা।
টেলিপাড়ার খবর, জনপ্রিয় দক্ষিণী ধারাবাহিক ‘ব্যারিস্টার বোধিসত্ত্ব’-এর অনুপ্রেরণায় তৈরি হতে পারে এই নতুন মেগা। সব ঠিক থাকলে মার্চ থেকেই শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে, এবার রণজয়কে দেখা যেতে পারে আইনজীবীর চরিত্রে, যা তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে।
সব মিলিয়ে ‘গৃহপ্রবেশ’-এর দর্শকদের মন খারাপের কারণ নেই। বরং রাজ চক্রবর্তীর পরিকল্পনায় জলসার পর্দায় আসছে আরও এক নতুন জুটি, নতুন গল্প। টেলিপাড়ায় তাই এখন উত্তেজনা পুরনো ধারাবাহিকের ধারাবাহিকতা বজায় রেখেই শুরু হতে চলেছে আরেকটি তাজা অধ্যায়।
পিআর/টিএ