যোগাযোগ ছাড়া বিমানবন্দরে না আসার অনুরোধ বিমান বাংলাদেশের
ছবি: সংগৃহীত
০৭:৫৭ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সব ফ্লাইট স্থগিতের পর যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি বলেছে, বিমানের সঙ্গে যোগাযোগ না করে কোনো যাত্রী যেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না আসেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রয়েছে। এ অবস্থায় সরাসরি বিমানবন্দরে এসে ভোগান্তিতে না পড়তে যাত্রীদের হটলাইন নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, অনেক যাত্রী ফ্লাইট স্থগিতের খবর না জেনে বিমানবন্দরে চলে আসছেন, এতে অযথা ভিড় ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই যাত্রীদের সর্বশেষ তথ্য নিশ্চিত হয়ে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি দুঃখ প্রকাশ করে বলেছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার; পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার রাত থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর পাল্টা হামলায় তেহরান অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। একই কারণে ঢাকা থেকেও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।
এমআই/টিকে