ঈদের আগেই ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে যাবে : প্রতিমন্ত্রী পুতুল
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ঈদের আগেই অত্যন্ত দরিদ্র, কিছুটা দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের কাছে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মহিলা, শিশু ও সমাজকল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের লালপুরের গৌরীপুর স্কুল মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফারজানা শারমিন বলেন, ‘প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। অনতিবিলম্বে কৃষি কার্ড বিতরণ শুরু হবে।
ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের বেতনও ঈদের আগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
বাংলাদেশে মাটিতে যত উন্নয়ন কর্মকাণ্ড হবে লালপুর-বাগাতিপাড়ার মাটিতে আমি সেগুলোর সূচনা করবো বলে জানান তিনি।
পুতুল আরো বলেন, ‘আমি বলেছিলাম, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই লালপুরের এই রাস্তা দিয়ে, গৌরীপুরের রাস্তা দিয়ে ২০ বছর আগে পতাকা নিয়ে যে গাড়ি গিয়েছে, সেই গাড়ি আবার ফেরত আসবে। আজকে আপনাদের মেয়ে আবার সেই পতাকাসহ গাড়ি নিয়ে লালপুর এসেছে।এটা আপনাদের প্রাপ্য, আপনাদের অর্জন।’
সংবর্ধনা শেষে বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত শেষে নিজ বাড়িতে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এমআই/টিকে