© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানাডায় থেকেও অভিনয়ে সক্রিয় মিশু সাব্বির

শেয়ার করুন:
কানাডায় থেকেও অভিনয়ে সক্রিয় মিশু সাব্বির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
অভিনেতা মিশু সাব্বিরকে ঘিরে প্রবাদটি যেন নতুন করে সত্যি হলো ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। দীর্ঘ প্রায় দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এই অভিনেতা। ঠিক সেই সময়েই পাড়ি জমান সুদূর কানাডায়।

দেশ ছেড়ে গেলেও অভিনয়ের টান কাটাতে পারেননি মিশু সাব্বির। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও শিল্পচর্চা থেকে নিজেকে দূরে সরাননি। সুযোগ পেলেই নতুন চরিত্রে হাজির হয়ে জানান দেন অভিনয় তাঁর রক্তে মিশে আছে। সম্প্রতি কানাডায় নির্মিত ইউটিউব সিরিজ গুড ডিড ব্যাড ডিড-এ অভিনয় করেছেন তিনি। সিরিজটি পরিচালনা করেছেন নিয়াজ কামরান আবির। ইতোমধ্যে এর দুটি পর্ব প্রকাশিত হয়েছে, আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে তৃতীয় পর্ব।

জানা গেছে, প্রবাসজীবনের সংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতা ঘিরেই নির্মিত হয়েছে সিরিজটির গল্প। বিদেশে নতুন জীবন শুরু করা মানুষদের নানামুখী টানাপোড়েন, মানিয়ে নেওয়ার লড়াই এবং স্বপ্নভঙ্গ-স্বপ্নগাঁথা উঠে এসেছে এতে। মিশু সাব্বির জানিয়েছেন, দেশ ছেড়ে এলেও তাঁর মন পড়ে থাকে দেশেই। অভিনয়ই তাঁর পেশা ও ভালোবাসা তাই সুযোগ পেলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন।

কানাডা থেকে মুঠোফোনে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, অভিনয় ছাড়া থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই প্রবাসে থেকেও নিজেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করেন। তাঁর ভাষায়, যারা প্রবাসে থাকেন তারা সহজেই এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।



বর্তমানে কানাডার টরন্টো শহরে বসবাস করছেন মিশু সাব্বির। গত আড়াই বছর ধরে সেখানে একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কাজ করছেন। জানালেন, চাকরির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে তিনি সন্তুষ্ট।

দেশের দর্শকরাও এখনও তাঁকে নিয়মিত পর্দায় দেখতে পাচ্ছেন। কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজনে শুরু থেকেই যুক্ত আছেন তিনি। দেশে না থাকায় কানাডা থেকেই ভিডিও কলের মাধ্যমে শুটিং করে অংশ নিচ্ছেন। ভিডিও ধারণ করে পাঠিয়ে দিচ্ছেন নির্মাতাদের কাছে। এই নতুন সিজনের মাধ্যমেই দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। তবে সহশিল্পীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সময়গুলো ভীষণ মিস করেন বলেও জানান।

এ মুহূর্তে দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই মিশু সাব্বিরের। তবে অভিনয় ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না প্রবাসে থেকেও অভিনয়ের সঙ্গেই থাকতে চান তিনি।

এমকে/টিকে

মন্তব্য করুন