আন্তর্জাতিক মঞ্চে অভিব্যক্তি ঘিরে বিতর্ক, জবাব দিলেন আলিয়া
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়ে আবারও সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ৭৯তম British Academy Film Awards অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে হাজির ছিলেন তিনি। লাল গালিচায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময়ের একটি মুহূর্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আলিয়াকে এমন একটি ছবির নাম বলতে বলা হয়, যার শেষ দৃশ্যে রয়েছে চমকপ্রদ মোড়।
উত্তরের আগে কয়েক সেকেন্ড সময় নেন তিনি। ঠিক সেই সময় তাঁর মুখভঙ্গি বদলে যাওয়াকেই ‘অতি অভিনয়’ বলে কটাক্ষ করছেন নেটিজেনদের একাংশ। অনেকের দাবি, আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে আলাদা করে তুলে ধরতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন অভিনেত্রী।

অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন আলিয়া। তাঁর ভাষ্য, একটি স্বাভাবিক মুহূর্তকে ঘিরে এত আলোচনা কেন হচ্ছে, সেটাই তাঁর কাছে বিস্ময়ের। তিনি জানান, যে ছবির নাম তিনি উল্লেখ করেছিলেন—Gone Girl—সেটি বহু বছর আগে মুক্তি পেয়েছিল। অনেক দিন আগে দেখেছিলেন ছবিটি, তাই হঠাৎ প্রশ্ন শুনে মনে করতে কিছুটা সময় লেগেছে। সে কারণেই তাঁর মুখে ভাবুক অভিব্যক্তি ফুটে উঠেছিল বলে ব্যাখ্যা দেন তিনি।
আলিয়া আরও স্বীকার করেন, ছবিটি নিয়ে আরও প্রশ্ন করা হলে সাময়িকভাবে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। সেই দ্বিধার ছাপই হয়তো মুখে ধরা পড়েছে। তবে বিষয়টিকে অতি নাটকীয় করে দেখার কিছু নেই বলেই মনে করেন তিনি।
সব মিলিয়ে একটি ছোট মুহূর্তই এখন বড় বিতর্কের রূপ নিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে আলিয়ার উপস্থিতি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি তাঁর অভিব্যক্তি ঘিরে সমালোচনাও থামছে না। তবে সমালোচনার মাঝেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।
এমকে/টিকে