ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
১০:৫১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরান-ইসরাইল সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় আজ শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার।
ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।
ইসরাইলি-মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায়, শত শত মানুষের ভিড়।
অনেকেই বলছেন, তারা জানেন না কতক্ষণের জন্য স্থগিত করা হয়েছে। তারা বিমানবন্দরেই অবস্থান করবেন নাকি হোটেলে কিংবা একেবারে গ্রামে চলে যাবেন- এই বিষয়ে কোনো নির্দেশনা পাননি।
তবে বেশ কয়েকটি এয়ারলাইনস নোটিশ পাঠিয়েছে পরবর্তী ফ্লাইটের টিকিট রিশিডিউলের জন্য। এর পাশাপাশি অনেক প্রবাসী দুশ্চিন্তায় আছেন তাদের ভিসার মেয়াদ নিয়ে। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারল কী হবে তা নিয়েও চিন্তিত তারা।
এমআই/টিকে