দেশ ছেড়ে কানাডায় স্থায়ী, তবু ছাড়েননি অভিনয়
ছবি: সংগৃহীত
০৫:০৯ এএম | ০১ মার্চ, ২০২৬
কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। অভিনেতা মিশু সাব্বিরের ক্ষেত্রে এই প্রবাদটি যেন এক চমৎকার বাস্তবতা। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্ম দিয়ে তিনি জয় করেছেন দর্শকদের মন। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে যখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে, ঠিক তখনই পাড়ি জমান সুদূর কানাডায়।
তবে দেশ ছাড়লেও অভিনয়ের মায়া কাটাতে পারেননি তিনি। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও শিল্পের টানে বারবার ফিরে আসেন ক্যামেরার সামনে। সুযোগ পেলেই নতুন কোনো চরিত্রে হাজির হয়ে জানান দেন—অভিনয়টা তার রক্তে মিশে আছে।
সম্প্রতি কানাডায় নির্মিত একটি ইউটিউব সিরিজ ‘গুড ডিড ব্যাড ডিড’-এ অভিনয় করেছেন তিনি।
সিরিজটি পরিচালনা করেছেন নিয়াজ কামরান আবির। ইতোমধ্যে এর দুটি পর্ব প্রকাশিত হয়েছে, আগামী শুক্রবার আসছে এর তৃতীয় পর্ব।
জানা গেছে, প্রবাসী জীবনের সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। যেখানে বিদেশে নতুন জীবনের শুরু থেকে নানা বাস্তব অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়েছে।
মিশু সাব্বির জানান, দেশ ছেড়ে এলেও মন পড়ে থাকে দেশেই। অভিনয় তাঁর পেশা ও ভালোবাসা—তাই সুযোগ পেলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন।
কানাডা থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে এই অভিনেতা বলেন, ‘আমি যেহেতু অভিনয়ের মানুষ, এটা ছাড়া তো থাকতে পারি না। তাই সুযোগ পেলেই চেষ্টা করি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার। এখানে নতুন একটা কাজ করেছি।
আমরা যারা প্রবাসে থাকি এই গল্পটা সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে।’

বর্তমানে তিনি কানাডার টরন্টোতে বসবাস করছেন। গত আড়াই বছর ধরে সেখানে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানে কাজ করছেন।
বললেন, এখানে বেশ ভালোই আছি। চাকরি করছি, পাশাপাশি অভিনয় করছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।
দেশের দর্শকরাও এখনও তাঁকে পর্দায় দেখতে পান। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে নিয়মিতই দেখা যাচ্ছে মিশু সাব্বিরকে। দেশে না থাকায় কানাডা থেকেই ভিডিও কলের মাধ্যমে শুটিং করে অংশ নিচ্ছেন।
মিশু সাব্বির বললেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ আমাকে অন্যরকম ভালোবাসা দিয়েছে। সিজন ফাইভ-এ তো শুরু থেকেই আছি আমি। ভিডিও কলের মাধ্যমে যুক্ত থাকি। কানাডা থেকেই আমি ভিডিও শুট করে পাঠাই। নতুন সিজনের মাধ্যমে দর্শকের ভালোবাসায় রয়েছি। তবে টিমের সবাইকে মিস করি। একসঙ্গে কাটানো সময়গুলো খুব মিস করি।
আপাতত দেশে ফেরার পরিকল্পনা নেই মিশু সাব্বিরের। নেই অভিনয় ছাড়ার কোনো ইচ্ছাও।
টিজে/টিএ