© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জীবনীছবিতে কারা হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা-বাবা?

শেয়ার করুন:
জীবনীছবিতে কারা হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা-বাবা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ এএম | ০১ মার্চ, ২০২৬
ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যখন চূড়ান্তে, তখনই আরেক দফা চমক এলো ‘মহারাজ’কে ঘিরে। সৌরভ গঙ্গোপাধ্যায় এর জীবনীছবিকে কেন্দ্র করে জল্পনার আগুন আরও একটু উসকে দিল নতুন খবর। টি-২০ বিশ্বকাপের উত্তাপের মাঝেই প্রকাশ্যে এলো, তাঁর মা-বাবার চরিত্রে কারা অভিনয় করতে পারেন সেই সম্ভাব্য নাম।

খবর, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। অন্য দিকে বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় সম্ভাব্য নাম বলিউডের বর্ষীয়ান অভিনেতা বোমান ইরানি। রবিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্স এ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এই খবর প্রকাশ্যে আসতেই আলোড়ন ছড়িয়েছে দুই ইন্ডাস্ট্রিতেই।



অপরাজিতার সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে বলেই জানা গেছে। অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন, কথাবার্তা শুরু হয়েছে, তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। ব্যক্তিগত স্মৃতিচারণায় তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই নিরূপা দেবীকে কাছ থেকে দেখেছেন। বেহালায় প্রতিবেশী ছিলেন তাঁরা। স্থানীয় মন্দিরে বহুবার দেখা হয়েছে। নিরূপা দেবীর কপালে নেমে আসা ঢেউখেলানো চুল আর বড় টিপ তাঁর মনে আলাদা ছাপ ফেলেছিল। কাকতালীয়ভাবে অভিনেত্রীর ঠাকুমার নামও নিরুপমা নামের এই মিল যেন চরিত্রটির প্রতি টান আরও বাড়িয়ে দিয়েছে। নিজের বড় টিপ আর ঘন চুলের প্রসঙ্গ টেনে অপরাজিতা বুঝিয়ে দিয়েছেন, চরিত্রটির সঙ্গে আত্মিক সংযোগ অনুভব করছেন তিনি।

অন্য দিকে চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে বোমান ইরানির নাম সামনে আসায় বলিউড টলিউডের মেলবন্ধনের ইঙ্গিত স্পষ্ট। শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বের এক পিতৃমূর্তি ফুটিয়ে তুলতে তাঁর অভিজ্ঞতা বিশেষ মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন অনেকে।

টি ২০ বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। সব কিছু ঠিক থাকলে ১৬ মার্চ থেকে শুরু হতে পারে ছবির শুটিং। আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, গুরুত্বপূর্ণ ম্যাচের পরই এ বিষয়ে স্পষ্ট বার্তা আসতে পারে।

এর আগে জানা গিয়েছিল, ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। মার্চের শুরুতেই তিনি কলকাতায় এসে প্রস্তুতি নেবেন। তাঁর সঙ্গে থাকবেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে ও প্রযোজক লাভ রঞ্জন। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে বাংলার ‘মহারাজ’কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন রাজকুমার।

সব মিলিয়ে সৌরভের জীবনীছবি ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ক্রিকেট মাঠে যেমন লড়াই, তেমনই রুপোলি পর্দাতেও তৈরি হচ্ছে নতুন ইনিংসের মঞ্চ।

পিআর/টিকে

মন্তব্য করুন