অশান্তির মাঝে শান্ত থাকাই শক্তি: দীপিকা পাড়ুকোন
ছবি: সংগৃহীত
১২:৩১ পিএম | ০১ মার্চ, ২০২৬
অশান্ত সময়েও শান্ত থাকার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। যদিও তিনি কারও নামোল্লেখ করেননি, তবু ‘হোয়াইট লোটাস’ বিতর্কের মাঝেই এই বার্তা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, জনপ্রিয় আন্তর্জাতিক ধারাবাহিক দ্য হোয়াইট লোটাস এর চতুর্থ পর্বে দেখা যেতে পারে দীপিকাকে। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা স্তিমিত হয়। জানা যায়, ধারাবাহিকটির জন্য অডিশন দেওয়ার প্রস্তাব পেয়েও রাজি হননি তিনি। আর সেখানেই নাকি থেমে যায় আলোচনা। ফলে প্রকল্পটি আর এগোয়নি।

এই পরিস্থিতির মাঝেই নিজের সামাজিক মাধ্যমে দীপিকা লেখেন, অশান্তির মাঝেও নিজেকে শান্ত রাখা সবচেয়ে বড় শক্তি। যে কোনও পরিস্থিতিতে মেজাজ হারানো নয়, বরং স্থির থাকা প্রয়োজন। চারপাশের বিশৃঙ্খলার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখাই আসল পরিচয় এমনই বার্তা দেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নানা ব্যাখ্যা।
অনুরাগীদের একাংশের মত, আন্তর্জাতিক প্রকল্প থেকে বাদ পড়ার জল্পনার প্রেক্ষিতেই এমন পোস্ট। কেউ কেউ মনে করছেন, নির্মাতাদের সিদ্ধান্তকেই পরোক্ষে জবাব দিয়েছেন তিনি। আবার অনেকে বলছেন, প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে তাঁকে আর নিজেকে প্রমাণ করতে অডিশনের প্রয়োজন নেই।
উল্লেখ্য, ২০১৭ সালে হলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। এর আগেও ‘দ্য হোয়াইট লোটাস’ এর তৃতীয় পর্বের প্রস্তাব এসেছিল তাঁর কাছে। সেই সময় ব্যক্তিগত কারণে তা ফিরিয়ে দেন তিনি। পরে আবার চতুর্থ পর্বের জন্য প্রস্তাব এলেও অডিশন প্রসঙ্গে মতানৈক্যের জেরে তা আর বাস্তবায়িত হয়নি বলে শোনা যায়।
গত এক বছরে একাধিক প্রকল্প থেকে বাদ পড়ার খবর তাঁকে ঘিরে শিরোনাম তৈরি করেছে। তবে বরাবরের মতোই সরাসরি কোনও মন্তব্য না করে নীরবতাকেই বেছে নিয়েছেন তিনি। ইঙ্গিতপূর্ণ বার্তায় যেন বুঝিয়ে দিলেন, বিতর্কের মাঝেও স্থির থাকাই তাঁর উত্তর।
পিআর/টিকে