সমাজমাধ্যমে বিজয়কে অনুসরণ করা বন্ধ করলেন পুত্র সঞ্জয়?
ছবি: সংগৃহীত
০২:৩৮ পিএম | ০১ মার্চ, ২০২৬
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে ঘিরে গত কয়েক দিন ধরেই তোলপাড় সংবাদমাধ্যম ও সমাজমাধ্যম। তাঁর দাম্পত্যে ভাঙনের জল্পনা যখন ক্রমেই জোরালো হচ্ছে, ঠিক সেই সময়েই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন তাঁর ছেলে জসন সঞ্জয়। গুঞ্জন ছড়িয়েছে, বাবা সম্পর্কে বিতর্কের মাঝেই নাকি সমাজমাধ্যমে বিজয়কে অনুসরণ করা বন্ধ করেছেন তিনি। আর তাতেই প্রশ্নের ঝড়।
খবর রটেছে, পরকীয়া ইস্যুকেই ঘিরে নাকি ভাঙনের মুখে বিজয়ের দীর্ঘ দাম্পত্য। শোনা যাচ্ছে, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণন এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েই অসন্তোষ চরমে ওঠে। এমনও দাবি করা হচ্ছে, তৃষ্ণার সঙ্গে বিজয়ের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পরই নাকি আপত্তি জানান স্ত্রী সঙ্গীতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

জানা গিয়েছে, চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে। আবেদনপত্রে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগও রয়েছে বলে দাবি একাংশের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজয় বা সঙ্গীতার তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকার আসেনি। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
১৯৯৯ সালের ২৫ অগস্ট সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয় ও সঙ্গীতা। ধর্ম আলাদা হলেও হিন্দু রীতি মেনেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ে। দীর্ঘ দাম্পত্যে দুই সন্তান। সেই সংসারেই কি ফাটল? আর সেই কারণেই কি পারিবারিক অস্বস্তি এড়াতে বাবাকে সমাজমাধ্যমে অনুসরণ করা বন্ধ করলেন জসন সঞ্জয়? যদিও এই পদক্ষেপ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি।
সংবাদমাধ্যমে প্রকাশ, আগামী ২০ এপ্রিল আদালতে উঠতে পারে বিচ্ছেদের মামলা। তার আগেই পরিবারে দূরত্বের ইঙ্গিত কি আরও স্পষ্ট হয়ে উঠছে? নাকি সবটাই গুঞ্জন? নিশ্চিত উত্তর এখনও অধরা। তবে দক্ষিণের এই তারকা পরিবারকে ঘিরে চর্চা যে থামছে না, তা বলাই যায়।
পিআর/টিকে