১৫ বছরের রেকর্ড ভেঙে এই প্রথম হোলিতে নেই হিন্দি ছবি!
ছবি: সংগৃহীত
০৩:০২ পিএম | ০১ মার্চ, ২০২৬
রঙের উৎসব মানেই এক সময় হিন্দি ছবির ঝলক, তারকাদের নাচগান আর প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন। কিন্তু ২০২৬ সালে ছবিটা একেবারেই উল্টো। ১৫ বছরের রেকর্ড ভেঙে এই প্রথম হোলিতে মুক্তি পাচ্ছে না কোনও হিন্দি ছবি। বাংলা ছবির খরার মাঝেই বলিউডেও নেমেছে অদ্ভুত নীরবতা। ফলে প্রশ্ন উঠছে, টলিউডের মন্দার হাওয়া কি এবার ছুঁয়ে ফেলল বলিউডকেও?
সিনে ক্যালেন্ডার বলছে, মার্চ মাস কার্যত ফাঁকা। বড় বাজেট তো দূরের কথা, মাঝারি বা ছোট বাজেটের ছবিরও মুক্তির খবর নেই। অথচ করোনাকালেও থেমে থাকেনি মুক্তি। ২০২১ সালে হোলির দিনেই প্রেক্ষাগৃহে এসেছিল সাইনা, অভিনয়ে পরিণীতি চোপড়া। সে সময়ও হল একেবারে ফাঁকা ছিল না। কিন্তু এ বছর সম্পূর্ণ শূন্যতা।

এক সময় হোলি মানেই ছিল রঙে রাঙা বলিউড। সিলসিলা ছবির ‘রং বরষে’, ডর এর ‘অঙ্গ সে অঙ্গ লাগানা’ কিংবা বাগবান এর ‘হোলি খেলে রঘুবীরা’ এই গানগুলো ছাড়া উৎসব যেন অসম্পূর্ণই মনে হত। সেই বলিউডেই এবার উৎসবের দিন নেই নতুন ছবির আমেজ।
গত কয়েক বছরে হোলিতে মুক্তি পেয়েছে একাধিক বাণিজ্যিক ছবি। চোরি চোরি চুপকে চুপকে, মালামাল উইকলি, রেস, বদ্রীনাথ কি দুলহনিয়া, কেশরি, তু ঝুঠি ম্যায় মক্কার তালিকা দীর্ঘ। ব্যতিক্রম ছিল কয়েকটি বছর, যখন বিশ্বকাপ ক্রিকেটের সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রযোজকেরা পিছিয়ে গিয়েছিলেন। এবারও পরিস্থিতি অনেকটা তেমনই।
চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সামনে রমজান, পাশাপাশি ছাত্রছাত্রীদের পরীক্ষা। ফলে একাধিক ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, ধুরন্ধর ২ এবং টক্সিক ইদের সময়কে লক্ষ্য করেই এগোচ্ছে। প্রযোজক-পরিবেশকেরা আপাতত ঝুঁকি নিতে চাইছেন না।
হলমালিকদের কথায়, দর্শক গল্পে নতুনত্ব না পেলে হলে আসছেন না। শো কমানো, খরচ বাঁচানো এ যেন এখন বাস্তবতা। মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহেও নাকি সাময়িকভাবে শো বন্ধ রাখা হয়েছে। ইদের আগে বড় বাজি ধরার সাহস পাচ্ছেন না অনেকেই।
তবে আশার আলো দেখছেন কেউ কেউ। দক্ষিণী তারকা যশ এবং বলিউড অভিনেতা রণবীর সিং এর আসন্ন ছবির উপরেই এখন ভরসা প্রযোজকদের। তাঁদের ছবি যদি দর্শক টানে, তবেই ফিরতে পারে স্বস্তির হাসি।
সব মিলিয়ে রঙের উৎসবে রঙহীন বলিউড। এই খরা সাময়িক, নাকি বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত তার উত্তর দেবে সময়ই।
পিআর/টিকে