ক্যামেরা দেখে মুখ ঢাকলেন বেদাং
ছবি: সংগৃহীত
১০:০৭ এএম | ০২ মার্চ, ২০২৬
প্রেমে আছেন বেদাঙ্গ রায়না? শনিবার রাতের একটি ভাইরাল ভিডিয়ো বলছে, পুরোদমে আছেন! চুপিচুপি এক রহস্যময়ীর সঙ্গে অভিসারেও বেরিয়েছিলেন গায়ক-অভিনেতা। মূর্তিমান রসভঙ্গকারী ছবিশিকারির দল। তাঁরা ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়তেই মুখ ঢেকেছেন দুই হাতে!
বেদাঙ্গের প্রথম ছবি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’। ছবি যত না জনপ্রিয়, তার চেয়েও বেশি জনপ্রিয় বেদাঙ্গ এবং তাঁর পর্দার নায়িকা খুশি কপূরের প্রেম! পর্দার রসায়ন বাস্তবের দিকে গড়াতেই যত্রতত্রসর্বত্র বেদাঙ্গ-খুশি। রাতের শো-তে সিনেমা থেকে ডিস্কো থেক- সর্বত্র শুধু দু’জনে। দু’বছর চুটিয়ে সম্পর্কে থাকার পর প্রেম ভেঙে খানখান। তখন থেকেই গুঞ্জন, বেদাঙ্গ নাকি জড়িয়ে পড়েছেন নওমিকা শরনের সঙ্গে।

ম্যাডক প্রযোজনা সংস্থার আগামী ছবিতে এঁরা জুটি বাঁধছেন। প্রযোজনা সংস্থার অফিসে একাধিক বার একসঙ্গে বেদাঙ্গ এবং নওমিকাকে যেতে-আসতে দেখা গিয়েছে। এবং দেখা গিয়েছে আরও অন্যত্রও। যেমন দেখা গেল, গত রাতে। গাড়ির সামনের আসনে চালকের পাশে বেদাঙ্গ। পিছনের আসনে নব্যা নবেলী নন্দ, আরিয়ান খান এবং সেই রহস্যময়ী। তাঁর হাতের ব্রেসলেট চিনিয়ে দিয়েছে, তিনি সম্ভবত নওমিকা। বেদাঙ্গের মতোই মুখ ঢেকেছেন তিনিও। নভ্যা আর আরিয়ান পাশে বসে হেসেছেন!
আরবসাগরের জলে অজস্র ঢেউ। মায়ানগরীতে তেমনই প্রেমের মায়াজাল! সেই জালে কবে, কে জড়িয়ে যাবেন, কে বলতে পারে? এখন দেখার বেদাঙ্গ কত দিন নওমিকায় খুশি থাকেন।
আরআই/টিকে