© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলায় মাত্র ২৭ শতাংশ মার্কিনির সমর্থন!

শেয়ার করুন:
ইরানে হামলায় মাত্র ২৭ শতাংশ মার্কিনির সমর্থন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ এএম | ০২ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এই হামলাকে প্রতি চারজন মার্কিন নাগরিকের মাত্র একজন সমর্থন করেন।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিকশক্তি ব্যবহারে অতিউৎসাহী। রিপাবলিকানদের প্রতি চারজনের একজনও তাই মনে করেন। 

জরিপে অংশ নেয়া ২৭ শতাংশ উত্তরদাতা এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে ৪৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। ২৯ শতাংশ এ বিষয়ে কী মত দেবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।

এছাড়া ১০ জনের মধ্যে প্রায় ৯ জন উত্তরদাতা বলেছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া হামলা সম্পর্কে তারা অন্তত কিছুটা হলেও শুনেছেন। আর প্রায় ৫৬ শতাংশ আমেরিকান মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে সামরিক শক্তি ব্যবহারে অতিরিক্ত আগ্রহী।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কিছু কমান্ডার নিহত হন।

হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং কোথাও কোথাও হতাহতের খবরও আসে।

এমআর/টিকে 

মন্তব্য করুন