অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের একাধিকবার গর্ভপাত নিয়ে সম্রাটের মন্তব্যে বিতর্ক!
ছবি: সংগৃহীত
১১:৩৬ এএম | ০২ মার্চ, ২০২৬
দাম্পত্যের বয়স পেরিয়েছে ২৩ বছর, কিন্তু সন্তান এসেছে অনেক পরে। সম্রাট (Samrat Mukerji) এবং ময়না মুখোপাধ্যায়ের (Moyna Mukherjee) জীবনের এই অধ্যায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে একটি পডকাস্ট ঘিরে। সেখানে সম্রাট নিজের অতীত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনয়ের শুরুতে যখন তিনি সংগ্রামের মধ্যে ছিলেন, ঠিক সেই সময় ময়না অন্তঃসত্ত্বা হন। তখন দু'জনেই মনে করেছিলেন, সন্তানের দায়িত্ব নেওয়ার মতো মানসিক ও পেশাগত স্থিতি তাঁদের নেই।
সেই কারণেই একাধিকবার গ'র্ভপাতের সিদ্ধান্ত নিতে হয়েছিল। তাঁর মতে, শুধু সন্তান জন্ম দেওয়াই বড় কথা নয়, তাকে সঠিকভাবে মানুষ করে তোলাই আসল দায়িত্ব। আজ তাঁদের যমজ সন্তানের বয়স আটের কাছাকাছি। সম্রাটের বক্তব্যে পরিষ্কার, তিনি সন্তানকে ভবিষ্যতের ভরসা বা বার্ধক্যের লাঠি হিসেবে ভাবেন না। বরং মনে করেন, সন্তান মানে দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা। যেখানে সমানভাবে প্রয়োজন সময়, মনোযোগ ও শিক্ষার। এই উপলব্ধি থেকেই দেরিতে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তাঁর কথায়, সন্তানের আগমন যেন আবেগের বশে না হয়ে প্রস্তুতির ভিত্তিতে হয় সেটাই দেখেছেন। তবে এই মন্তব্যেই নেটপাড়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যখন দায়িত্ব নেওয়ার প্রস্তুতি ছিল না, তখন কেন সাবধানতা অবলম্বন করা হয়নি? আবার অন্য এক অংশের বক্তব্য, বর্তমান সময়ে বহু মানুষ একটিমাত্র সন্তান লাভের জন্য সংগ্রাম করছেন, সেই প্রেক্ষিতে এমন মন্তব্য সংবেদনশীলতার দাবি রাখে। তাঁদের মতে, সন্তান জন্ম দেওয়া এবং তাকে লালন-পালন করা, দুটোই সমান গুরুত্বপূর্ণ।
আরআই/টিকে