প্যারিসে আটকা সৌম্য-সন্দীপ্তা, অন্য উপায়ে বাড়ি ফেরার চেষ্টা
ছবি: সংগৃহীত
০২:০১ পিএম | ০২ মার্চ, ২০২৬
স্বামী সৌম্য মুখার্জির সঙ্গে নরওয়ে সফরে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় তাঁদের। গত রবিবার প্যারিসে এসে পৌঁছান তাঁরা। আর সেখানেই বিপত্তি।
প্যারিস থেকে কলকাতা ফেরার সমস্ত বিমান পরিষেবা এই মুহূর্তে বন্ধ। তাই প্যারিসেই আটকে পড়েছেন সৌম্য-সন্দীপ্তা। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির জেরে ঘটেছে এমনটা।সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর নিজেই দিয়েছেন অভিনেত্রী।
সন্দীপ্তা লেখেন, 'আমাদের প্যারিস থেকে কলকাতা ফেরার ফ্লাইট ক্যানসেল হয়েছে। কারণ, ওই ফ্লাইটটা আবু ধাবি হয়ে আসত, তাই। যদি হয়, আমরা অন্য কোনও উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছি।'

তাহলে এখন কোথায় আছেন সন্দীপ্তা? প্যারিসের পরিবেশও কি উত্তাল হয়ে উঠেছে? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। সন্দীপ্তার কথায়, "প্যারিসে তো তেমন আঁচ পড়েনি। কিন্তু কলকাতায় ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। আমরা এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছিলাম। ওদের সঙ্গে যোগাযোগ করা হলে আমাদের জানানো হয় ৫ মার্চ একটা ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তেমন কোনও নিশ্চয়তা দিতে পারেনি ওরা। আমরা আপাতত এয়ারপোর্টেই আছি। এবার আবারও হোটেলে ফিরতে হবে।"
সন্দীপ্তা আরও বলেন, "১৮ ফেব্রুয়ারি নরওয়ে ট্রিপে আসি আমরা। আগামিকাল ফেরার কথা ছিল। এইভাবে আটকে পড়ব কে জানত? ৫ তারিখও যদি না বাড়ি ফিরতে পারি, তাহলে কী যে হবে! চিন্তা হচ্ছে। আমার আর সৌম্যর দু'জনেরই তো কাজ আছে। ওকে অফিস জয়েন করতে হবে। আমায় শুটিং-এ ফিরতে হবে। এই পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে হচ্ছে।"
প্রসঙ্গত, উত্তাল পরিস্থিতি দুবাইয়ের মাটিতে। মধ্যপ্রাচ্যের সমস্ত বিমান বন্ধের নির্দেশ এসেছে। ফলে আটকে পড়েছেন বহু যাত্রী। আটকে পড়েছেন বহু তারকাও। খবর, এই পরিস্থিতিতে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও ছেলে ইউভান চক্রবর্তীও। ফলে উদ্বিগ্ন পরিচালক রাজ চক্রবর্তী। জানা যাচ্ছে, ছেলের স্কুলের ছুটি পড়ায় তার আবদারেই দুবাই বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু এই বিপাকের মুখে পড়তে হবে কে জানত? তবে জানা যাচ্ছে, এই মুহূর্তে নিরাপদে আছেন শুভশ্রী ও ইউভান। জানা যাচ্ছে, মেয়ে ইয়ালিনিকে নিয়ে এই মুহূর্তে কলকাতায় আছেন রাজ চক্রবর্তী।
আরআই/টিকে