বোকা প্রেমের মিষ্টি গল্পে জোভান-নীহা জুটি
ছবি: সংগৃহীত
০১:৩০ পিএম | ০৩ মার্চ, ২০২৬
ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বোকা প্রেমের মিষ্টি গল্পের বিশেষ নাটক ‘গুডলাক’। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।
রায়হান মাহমুদের চিত্রনাট্যে নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে সদ্য শেষ হয়েছে এর শুটিং। নাটকটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।
গল্প প্রসঙ্গে নির্মাতা ও শিল্পীরা বিস্তারিত জানাতে না চাইলেও জানা গেছে, একজন সহজ-সরল ‘বোকা’ প্রেমিককে ঘিরেই এগোবে কাহিনি। চনমনে প্রেম, ক্যাম্পাস জীবনের দুষ্টুমি আর পারিবারিক আবহ মিলিয়ে দর্শকদের জন্য থাকবে বিনোদনের আমেজ।

বিশেষ করে জোভানের চরিত্রে রয়েছে আলাদা চমক। নির্মাতার ভাষ্য, তার অভিনয় দর্শকদের চমকে দেবে।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘গুডলাক’সহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে ২০টি বিশেষ নাটক। চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে সেগুলো মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
ঈদের আনন্দে ‘গুডলাক’ কতটা দর্শকপ্রিয়তা পায়, এখন সেটাই দেখার অপেক্ষা।
কেএন/টিকে