শ্রমশক্তিকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ০৩ মার্চ, ২০২৬
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শ্রমশক্তির বড় একটি অংশ এখনো অনানুষ্ঠানিক খাতে রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের একটি বড় অংশ আনুষ্ঠানিক খাতে থাকলেও সামগ্রিকভাবে অধিকাংশ শ্রমিক এখনো অনানুষ্ঠানিক কাঠামোর বাইরে। টেকসই ও ভারসাম্যপূর্ণ অর্থনীতি গড়তে সব খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিটিসি)-এর ২২তম সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকার বিকল্প ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা মূল্যের সহায়তা দেওয়া হবে। এতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর আর্থিক স্থিতিশীলতা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরাসরি রেশন ব্যবস্থা না হলেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে রেশনের উদ্দেশ্য অনেকটাই পূরণ হবে। একই সঙ্গে তিনি টিটিসির বৈঠক নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিল্প ও শ্রম খাতে বিদ্যমান নানা সমস্যা সমাধানে ধারাবাহিক আলোচনা ও মতবিনিময় জরুরি। শ্রম সচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, টিটিসি গঠনের যে উদ্দেশ্য এবং তা পূরণে নিয়মিত সভা নিশ্চিত করতে হবে। আলোচনায় মতপার্থক্য বা উত্তপ্ত বিতর্ক হতে পারে, তবে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।
সংলাপের মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-এর ফজলে হাসান শামিম এবং টিটিসির সহসভাপতি মো. আনোয়ার হোসেন। সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। সভায় মালিক ও শ্রমিক পক্ষের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইকে/টিএ