মানসিক নির্যাতন ও পরিকল্পিত হামলার দাবি ‘বিগ বস ১৭’ তারকার
ছবি: সংগৃহীত
০২:২০ এএম | ০৪ মার্চ, ২০২৬
রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’ এর সাবেক প্রতিযোগী ও ইউটিউবার অনুরাগ ডোভাল দাবি করেছেন, গত এক বছর ধরে তিনি মানসিক নির্যাতন ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে আক্রমণের চেষ্টা চলছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে অনুরাগ জানান, কিছু ব্যক্তি তাকে মানসিকভাবে নির্যাতন করেছে এবং তার পরিবার, আর্থিক শক্তি ও সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষ্য অনুযায়ী, তাকে এমন পরিস্থিতিতে ফেলা হয়েছে যে তিনি বেঁচে থাকার মতো শক্তিও হারিয়ে ফেলেছেন বলে অনুভব করছেন।
তিনি লেখেন, দীর্ঘ সময় ধরে তিনি সবকিছু সহ্য করার চেষ্টা করেছেন। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি আর মানসিক চাপ সহ্য করতে পারছেন না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি তার পেছনে পরিকল্পিত হামলার চেষ্টা করছে। ভবিষ্যতে তিনি এসব ঘটনার পেছনের সত্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখোশ উন্মোচন করবেন বলেও জানান।

এর আগে ‘বিগ বস ১৭’–এ অংশ নিয়ে আলোচনায় আসেন অনুরাগ। শো থেকে বিদায়ের পর তিনি অভিযোগ করেছিলেন, নির্মাতারা তাঁকে অনুষ্ঠানের ভেতরে অপমান করেছিলেন যা টেলিভিশনে দেখানো হয়নি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে ‘ওয়াক অব শেম’–এ দাঁড় করানো হয়েছিল এবং অন্যান্য প্রতিযোগীরা “শেম, শেম অনুরাগ” বলে স্লোগান দিয়েছিল। তাঁর দাবি, এই ঘটনার প্রমাণ ও ফুটেজ রয়েছে।
অনুরাগ ডোভাল, যিনি ইউকে০৭ রাইডার ও বাবু ভাইয়া নামেও পরিচিত, ইনস্টাগ্রামে প্রায় ৬৯ লাখ অনুসারী নিয়ে জনপ্রিয়। তিনি ২০১৮ সালে ইউটিউব যাত্রা শুরু করেন এবং মোটরসাইকেলভিত্তিক কনটেন্টের মাধ্যমে বড় একটি ভক্তসমাজ গড়ে তোলেন। জনপ্রিয়তা বাড়ার পর তিনি রিয়েলিটি শোতেও অংশ নেন।
এসকে/টিএ