এবার ‘দ্য কেরালা স্টোরি ২’র পাশে হাইকোর্ট!
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ০৪ মার্চ, ২০২৬
মুক্তির আগেই বিতর্ক, আর মুক্তির পরেই নতুন আইনি লড়াই। অবশেষে বাণিজ্যিক স্বার্থ রক্ষার প্রশ্নে আদালতের সমর্থন পেল ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’। ছবিটির পাইরেসি রুখতে কড়া নির্দেশ জারি করল মাদ্রাজ হাই কোর্ট। অন্তর্বর্তী আদেশে জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত ইন্টারনেট বা কেবল মাধ্যমে কোনও ভাবেই ছবিটির পাইরেটেড সংস্করণ প্রচার করা যাবে না।
ছবিমুক্তির সঙ্গে সঙ্গেই অবৈধভাবে ছড়িয়ে পড়া পাইরেসি এখন চলচ্চিত্র জগতের অন্যতম বড় সংকট। প্রেক্ষাগৃহে দর্শক টানার লড়াই যখন তুঙ্গে, তখন স্বল্প খরচে অবৈধ উপায়ে ছবি দেখে নেওয়ার প্রবণতা নির্মাতাদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেয়। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিটিকেও যাতে একই পরিণতির শিকার হতে না হয়, সে কারণেই প্রযোজনা সংস্থা আদালতের দ্বারস্থ হয়।

জানা গিয়েছে, প্রযোজক পক্ষ থেকে দুটি পৃথক আবেদন জমা পড়ে আদালতে। সেই আবেদনের শুনানিতে বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তি স্পষ্ট জানান, হলমুক্তির সময় কপিরাইট লঙ্ঘনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। প্রযোজনা সংস্থা ছবির স্বত্ব মালিকানা প্রমাণে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর শংসাপত্রও জমা দেয়। শংসাপত্রে আবেদনকারী সংস্থাকে প্রযোজক হিসেবে উল্লেখ থাকায়, আদালত সেটিকে প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণ করেছে।
বিচারপতির পর্যবেক্ষণ, পাইরেসি কোনও ছবির বাণিজ্যের পক্ষে গভীরভাবে ক্ষতিকর। বেআইনি সম্প্রচার বন্ধ না করা গেলে ছবিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, এমনকি সেই ক্ষতির দায় বহন করতে হতে পারে অবৈধ সম্প্রচারকারীদের। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আদালত আপাতত ২৩ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। ওই দিন পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে।
মুক্তির আগে নানা কারণে আইনি সহায়তা না পেলেও, বাণিজ্যিক সুরক্ষার প্রশ্নে অবশেষে আদালতের পাশে দাঁড়ানোয় স্বস্তিতে ছবির প্রযোজক মহল। চলচ্চিত্র শিল্পে ক্রমবর্ধমান পাইরেসির দাপটে যখন উদ্বেগ বাড়ছে, তখন এই নির্দেশকে অনেকেই তাৎপর্যপূর্ণ নজির বলেই মনে করছেন।
পিআর/টিএ