© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডের কোন তারকার জন্য রং খেলতে ভয় পান করণ জোহর?

শেয়ার করুন:
বলিউডের কোন তারকার জন্য রং খেলতে ভয় পান করণ জোহর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ০৪ মার্চ, ২০২৬
কৈশোরের এক রঙিন দুপুর আজও তাকে তাড়া করে বেড়ায়। আলো ঝলমলে বলিউডের ব্যস্ত জীবনে নিজেকে যতটাই দৃঢ়ভাবে উপস্থাপন করুন না কেন, রঙের উৎসব এলেই যেন ভিতরে কোথাও চুপসে যান করণ জোহর। একাধিক সাক্ষাৎকারে নিজের একাকী জীবনের কথা অকপটে স্বীকার করেছেন তিনি। বলেছেন, একা থাকাই এখন অভ্যাস। তবে এই একাকীত্বের আড়ালেই লুকিয়ে আছে এক অস্বস্তিকর স্মৃতি, যা তাকে আজও রং থেকে দূরে সরিয়ে রাখে।

করণ জোহর তখন কিশোর। আমন্ত্রণ পেয়েছিলেন বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন-এর বাড়ির হোলি উৎসবে। উৎসবের উচ্ছ্বাসে ভরা সেই বাড়িতে পৌঁছে কর্ণ নাকি আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি রং খেলতে স্বচ্ছন্দ নন, বরং খানিক ভয়ই পান। কিন্তু সেই সতর্কবার্তা শেষ হওয়ার আগেই আচমকা ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।

দূর থেকে ছুটে এসে তাকে জোরে ধাক্কা দেন অভিষেক বচ্চন। রং মেশানো জলের সুইমিং পুলে পড়ে যান কর্ণ। মুহূর্তের মধ্যে হাসি-ঠাট্টায় মেতে ওঠে চারপাশ, কিন্তু সেই অভিজ্ঞতা তার মনে দাগ কেটে যায়। তিনি নাকি কল্পনাও করতে পারেননি, এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। সেই ঘটনার পর থেকেই রঙের উৎসব মানেই তার কাছে অস্বস্তি আর আতঙ্কের স্মৃতি।



বলিউডে অমিতাভ বচ্চনের বাড়ির হোলি বরাবরই বিশেষ আকর্ষণ। এক সময় আর কে স্টুডিয়োর রং খেলাও ছিল তারকাদের জমায়েতের কেন্দ্রবিন্দু। আজও বহু তারকা ধুমধাম করে হোলি উদ্‌যাপন করেন। কিন্তু কর্ণ যেন নিজেকে সরিয়ে নিয়েছেন সেই উচ্ছ্বাস থেকে। রংয়ের আবির, পিচকারি কিংবা রঙিন জল কিছুই আর তাকে টানে না।

শুধু রঙের উৎসব নয়, সামাজিক আচার-অনুষ্ঠান নিয়েও তার রয়েছে নিজস্ব অস্বস্তি। বিয়েবাড়িতে গিয়েও নাকি তিনি খাবার স্পর্শ করেন না। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, লম্বা লাইনে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতে তার অস্বস্তি হয়। তাই নিমন্ত্রণ রক্ষা করলেও ভোজে অংশ নেন না তিনি।

ঝলমলে তারকাজীবনের আড়ালে এই সংবেদনশীল মানুষটির ভেতরে যে এমন কিছু অপূর্ণতা আর অস্বস্তি কাজ করে, তা হয়তো অনেকেই জানতেন না। রঙের উৎসবের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন করণ জোহরের মনে ভেসে ওঠে সেই পুরনো দুপুরের ছবি। আর তাই রং থেকে দূরত্বই তার কাছে নিরাপদ আশ্রয়।

পিআর/টিএ

মন্তব্য করুন