স্ত্রী সঙ্গীতাকে কত টাকার খোরপোশ দেবেন অভিনেতা বিজয়? প্রকাশ্যে তথ্য
ছবি: সংগৃহীত
০৫:১২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা থালাপতি বিজয়-কে ঘিরে জোর গুঞ্জন। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য নাকি ভাঙনের মুখে। চেন্নাইয়ের চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের মন খবরেই সরগরম বিনোদন দুনিয়া।
শোনা যাচ্ছে, বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করেই দাম্পত্যে চিড়। আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণন-এর নামও। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত লিয়ো ছবিতে দীর্ঘ ১৪ বছর পর একসঙ্গে কাজ করেন বিজয় ও তৃষা। সেখানে তাঁদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায়। ছবির পর থেকেই নাকি সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়। এমনকি ব্যক্তিগত সফরে একসঙ্গে বিদেশযাত্রার খবরও ছড়ায়।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে পারিবারিক পরিসরেও। দুই সন্তানের বাবা বিজয়। ছেলে জেসন সঞ্জয় নাকি বাবার আচরণে বিব্রত হয়ে সমাজমাধ্যমে তাঁকে অনুসরণ তালিকা থেকে বাদ দিয়েছেন। কন্যার অবস্থান স্পষ্ট না হলেও পারিবারিক অস্বস্তি যে বেড়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

খোরপোশের অঙ্ক নিয়েও চলছে জোর আলোচনা। সূত্রের খবর, সঙ্গীতা চেন্নাইয়ের নেলানকেরাই অঞ্চলে সমুদ্রসংলগ্ন বাড়িটি নিজের অধিকারে চান। পাশাপাশি দুই সন্তানের ভবিষ্যতের জন্য প্রায় ২৫০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন বলেও শোনা যাচ্ছে। যদিও বিজয় নাকি বিষয়টি আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে মেটাতে আগ্রহী।
দীর্ঘ দিনের তারকাজীবনে নানা সাফল্য, রাজনৈতিক জল্পনা ও ভক্তদের অগাধ ভালবাসার মাঝেও ব্যক্তিগত জীবনের এই টানাপড়েন নতুন করে প্রশ্ন তুলেছে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে কোন পথে এগোবে এই সম্পর্ক, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।
পিআর/টিএ