রিসেপশনের আগে হায়দরাবাদে সাংবাদিকদের মুখোমুখি বিজয় ও রাশমিকা
ছবি: সংগৃহীত
০৮:০৬ পিএম | ০৪ মার্চ, ২০২৬
হায়দরাবাদে নবদম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার রিসেপশনকে ঘিরে ভক্ত ও সাংবাদিকদের আগ্রহ ছিল চরমে। সদ্য বিবাহিত এই দম্পতি রিসেপশনের কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে নতুন জীবনের দায়িত্ব এবং সম্পর্কের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন। হলুদ পাঞ্জাবি পরিহিত বিজয় এবং হালকা গোলাপি শাড়িতে রাশমিকা, গলায় মঙ্গলসূত্র এবং মাথায় সিঁদুরে একেবারে সংস্কারী চেহারায় নজর কেড়েছেন সকলের।
সাংবাদিকদের সামনে বিজয় বলেন, “আমাকে ছোট থেকে দেখেছেন। আপনারা আমাকে সহায়তা করেছেন স্বপ্ন পূরণের পথে। এখন আমি বিবাহিত, নতুন জীবনে আপনারা আমাদের পাশে থাকুন।” রশ্মিকা লাজুক ভঙ্গিতে যোগ করেন, “এই প্রথমবার আমরা এত বড় পদক্ষেপ নিচ্ছি। নতুন জীবনে আপনার আশীর্বাদ চাই।” নবদম্পতি তাদের ভক্তদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং রশ্মিকা নিজ হাতে স্বামীকে খাইয়ে দিতেও দেখা যায়।

বিয়ের পরে তারা তেলেঙ্গানার থাম্মানপেটের পৈতৃক ভিটেতে পৌঁছে গ্রামের মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রবর্তনের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতাও প্রদর্শন করেন। তাদের সোশাল মিডিয়ার হ্যান্ডেলে প্রকাশিত ছবিতে রোম্যান্সের মুহূর্তগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। রিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এছাড়াও, বিভিন্ন ভাষার চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন জীবনের শুরুতে বিজয় ও রাশমিকা তাদের ভক্ত ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছেন।
পিআর/টিএ