© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিসেপশনের সাজেও বিশেষ চমক? প্রকাশ্যে বিজয়-রাশমিকার নতুন ছবি

শেয়ার করুন:
রিসেপশনের সাজেও বিশেষ চমক? প্রকাশ্যে বিজয়-রাশমিকার নতুন ছবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ পিএম | ০৪ মার্চ, ২০২৬
বিয়ের পর থেকেই নজরের কেন্দ্রে ছিলেন দক্ষিণের জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্দা ও রাশমিকা মান্দানার বিয়ের আসরে ঐতিহ্যবাহী সাজে চমক দেওয়ার পর হায়দরাবাদের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানেও সেই ঐতিহ্যের ধারাই বজায় রাখলেন নবদম্পতি। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে তাঁদের নতুন ছবি।

সংবর্ধনার সন্ধ্যায় রাশমিকার পরনে ছিল সিঁদুরলাল শাড়ি, কালো সরু পাড়ে সোনালি জরির সূক্ষ্ম কাজ। গলায় ভারী গয়না, বিশেষ করে মঙ্গলসূত্র ছিল চোখে পড়ার মতো। সিঁথিতে সিঁদুর, খোঁপায় ফুল সমগ্র সাজেই ফুটে উঠেছে নববধূর আবহ। অন্য দিকে বিজয়ের পরনে দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তা। বিয়ের মতো সংবর্ধনাতেও তিনি সরলতাকেই বেছে নিয়েছেন, গায়ে বাড়তি গয়নার আড়ম্বর নেই। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের।

এই সংবর্ধনাকে ঘিরে কৌতূহল তুঙ্গে। কোন কোন তারকা উপস্থিত থাকবেন, তা নিয়েও জল্পনা। বিয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে দেখা করেছিলেন নবদম্পতি। ফলে আমন্ত্রিতদের তালিকায় রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের একাধিক উচ্চপ্রোফাইল ব্যক্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় চলচ্চিত্রের তারকাদের পাশাপাশি হিন্দি ছবির প্রথম সারির অভিনেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।



অনুষ্ঠানের আগে নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক হয়েছে প্রশাসনিক স্তরে। ভিড় ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা মাথায় রেখে আমন্ত্রিতদের তালিকা কাটছাঁটের পরামর্শও নাকি দেওয়া হয়েছিল। নবদম্পতি তাতেও সম্মতি জানিয়েছেন বলেই শোনা যাচ্ছে। তাঁদের স্পষ্ট বার্তা, আনন্দঘন এই মুহূর্তে কোনও অপ্রীতিকর পরিস্থিতি চান না কেউই। তাই বিয়ের মতো সংবর্ধনাতেও গোপনীয়তা বজায় রাখা হয়েছে কড়াভাবে। আমন্ত্রিত ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি নেই।

সব মিলিয়ে ঐতিহ্য, আভিজাত্য আর কঠোর নিরাপত্তার আবহে সম্পন্ন হল বিজয় ও রাশমিকার সংবর্ধনা। দক্ষিণী রীতিনীতির আবরণে মোড়া এই আয়োজন এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পিআর/টিএ

মন্তব্য করুন