টানটান থ্রিলারে নতুন রূপে মেহজাবীন-প্রীতম
ছবি: সংগৃহীত
০১:০৬ এএম | ০৫ মার্চ, ২০২৬
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে মারামারির দৃশ্যে দেখবেন এমনটা হয়তো তার ভক্তরা সম্প্রতি কল্পনাও করেননি। কিন্তু সেই চমকই সামনে এলো এবার। ৪ মার্চ দুপুরে প্রকাশিত হয়েছে ‘ক্যাকটাস’ শিরোনামের একটি নতুন সিরিজের টিজার, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে। কারণ, এতে পরিচিত কোমল ইমেজ ভেঙে একেবারে অ্যাকশনধর্মী রূপে হাজির হয়েছেন তিনি। সিরিজটিতে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।
চরকি অরিজিনাল সিরিজটির গল্পের আভাস এমন- ‘ক্যাকটাস’-এ প্রীতম হাসানকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার চরিত্রে। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে—যিনি সাইবার জগতে ভয়ংকর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায়, রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।

সিরিজে মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। চরিত্রটির একাধিক পরিবর্তন আছে বলে জানান তিনি। বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। মানিসভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণ করে সিরিজটি নির্মাণ করেছেন।’
এই অভিযানে মানসিভের দেখা হয় অনুরা’র সঙ্গে। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে মেহজাবীনকে দেখা গেছে নতুন অবতারে—অ্যাকশন লুকে এবং অ্যাকশন দৃশ্যে। তার এই রূপ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি নিয়ে তিনি গল্পে যুক্ত করেছেন ভিন্ন মাত্রা।
এবি/টিএ