বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া ডেপুটি স্পিকার পদ নেবে না জামায়াত
ছবি: সংগৃহীত
০১:৫৩ পিএম | ০৫ মার্চ, ২০২৬
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং সরকার দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া ডেপুটি স্পিকার পদ নিতে নারাজ জামায়াত। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটিকে দেয়া প্রস্তাব এখনই ফিরিয়ে না দিলেও সংসদীয় ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উদ্যোগী হতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত নেতারা৷
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পরবর্তী এক চা চক্রে সংসদের ডেপুটি স্পিকার পদের জন্য জামায়াত আমিরের কাছে দলটির পক্ষ থেকে নাম দেবার আহ্বান জানান তিনি।
পরে গত সোমবার (২ মার্চ) সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাই সনদের প্রতি সম্মান রেখে এমন উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারের পক্ষ থেকে এমন আহ্বানের পর রাজনৈতিক মাঠে শুরু হয় নানা আলোচনা। তবে জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, ভিন্ন কথা। তাদের দাবি, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার হবার পর ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নিয়ে ভাববেন তারা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতীয় সনদের ব্যাপারে বিএনপির আসলে অবস্থানটা কি? শুধু ডেপুটি স্পিকার নয়, সেখানে মোট ৪৮টি মৌলিক বিষয় আছে। শপথ নেন নাই, আবার রুল জারি করা হয়েছে। এটার সাথে ডেপুটি স্পিকার প্রস্তাবনা পরস্পরবিরোধী কিনা। আসলেই উনাদের অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করবো।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ডেপুটি স্পিকারের যে আলোচনা এসেছে সেটা সংস্কার প্রস্তাবেরই একটি খণ্ডিত অংশ।
তবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব এখনি ফিরিয়ে দিচ্ছে না জামায়াত৷ দলটির সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় টিমের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান দলটির নেতারা।
বিরোধী দলীয় নেতারা ১০ বা ১১ তারিখে বসবেন বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।
মাওলানা আব্দুল হালিম বলেন, বৈঠকে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে যেটা সুবিধা সেটা গ্রহণ করবো। আমরা তো দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখবো। যতটুকু যৌক্তিক ততটুকু সমালোচনা করবো। আর জনগণের অধিকার নিয়ে কথা বলবো।
বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদই শুধু নয়, ক্ষমতার ভারসাম্য রক্ষার্থে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি। ডেপুটি স্পিকারসহ নানা বিষয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আজ আলোচনায় বসেছে জামায়াতে ইসলামী।
এমআই/এসএন