© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান

শেয়ার করুন:
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ০৫ মার্চ, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। বিষয়টি তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন সেলিমা রহমান। 

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

সেলিমা রহমানের নিকটাত্মীয় পারভেজ খান জানান, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে ফুফু এখন শারীরিকভাবে অনেকটাই ভালো আছেন এবং সিঙ্গাপুরে আরো উন্নত চিকিৎসা গ্রহণ করবেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে সেলিমা রহমানের শারীরিক খোঁজখবর নেন।

তখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছিলেন। পরদিন সকালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য রওনা হন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শারীরিক অসুস্থতার কারণে বেগম সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) শনাক্ত হয়।

পরিস্থিতি বিবেচনায় তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়।



ইউটি/টিএ

মন্তব্য করুন