দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
ছবি: সংগৃহীত
০১:২৩ এএম | ০৬ মার্চ, ২০২৬
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে দলের বদনাম হয় বা জনগণের মনে কষ্ট তৈরি হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের পর একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছানো গেছে।
বিগত সময়কে ‘ফ্যাসিবাদী শাসন’ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, সে সময়ে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে, অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং দুঃশাসনের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এখন জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।
দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে দলই হোক সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে।
তিনি বলেন, নেতাকর্মীদের আচার-আচরণ ও কর্মকাণ্ড এমন হতে হবে যাতে জনগণের মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি না হয় এবং দলের সুনাম অক্ষুণ্ন থাকে। ‘আমরা ক্ষমতায় বসে গেছি’ এমন মানসিকতা পরিহার করতে হবে।
পুরান ঢাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জলাবদ্ধতা, যানজট ও দূষণসহ নানা সমস্যা সমাধানে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আবারও জনগণের সমর্থন পেতে হলে এখন থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ঢাকার যানজট নিরসনে বড় পরিবহন, মেট্রোরেল ও বাসসহ সব ধরনের যান চলাচল সমন্বিত পরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া বর্ষা মৌসুমের আগে মশার প্রজনন রোধ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের নেতৃত্বে কাজ শুরু হয়েছে এবং সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ বিষয়ে সক্রিয় আছেন। জনগণ যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান মিন্টু, বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ, ১নং যুগ্ম আহ্বায়ক মো. মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাজী মো. আদিল, ৩৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন প্রমুখ।
আরআই/এসএন