জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলেন পল কাপুর ও মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
০১:৫৪ এএম | ০৬ মার্চ, ২০২৬
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, স্থাপত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে পরিচিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন পল কাপুর ও রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
দূতাবাস জানায়, আমেরিকান স্থপতি লুই কান-এর নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনটি স্থাপত্যশৈলীর দিক থেকে বিশ্বব্যাপী প্রশংসিত। ভবনটির নকশায় বাঙালি সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যপট থেকে অনুপ্রেরণা নেয়া হয়েছে, যা আমেরিকান সৃজনশীলতা ও স্থাপত্য উদ্ভাবনের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে এটি দুই দেশের সহযোগিতা ও স্থাপত্য উৎকর্ষতার একটি শক্তিশালী প্রতীক বলেও উল্লেখ করা হয়।
সফরের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন পল কাপুর। ভবনটির স্থাপত্য ও নকশা সম্পর্কে অবহিত হন তিনি এবং সেখানে ছবি তোলেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও সেই ছবি শেয়ার করেন।
প্রসঙ্গত, দুই দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন পল কাপুর। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। সফরের শেষ দিন বৃহস্পতিবার দুপুরে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরআই/এসএন