ইরানে কুর্দিরা হামলা চালালে সমর্থন দেওয়ার ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০২:১৬ এএম | ০৬ মার্চ, ২০২৬
ইরানে যদি কুর্দি যোদ্ধারা হামলা চালায় তাহলে এতে সমর্থন দেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এটি অসাধারণ যে, তারা এটি (ইরানে স্থল হামলা) করতে চায়। এর প্রতি আমার সম্পূর্ণ সমর্থন থাকবে।”
কুর্দিরা স্থল হামলা চালালে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা দেবে কি না এমন প্রশ্ন করা হলে রয়টার্সের সাংবাদিককে ট্রাম্প বলেন, “আপনাকে আমি এটি বলতে পারব না।”
তিনি আরও বলেন, কুর্দিরা যদি হামলার সিদ্ধান্ত নেয় তাহলে তারা জেতার জন্য হামলা চালাবে।
রয়টার্স জানিয়েছে, কুর্দিরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। তাদের আলোচনা বিষয় ছিল ইরানের পশ্চিমাঞ্চলে স্থল হামলা চালানো হবে? আর হলে কিভাবে হবে।
কুর্দিদের শক্তিশালী অবস্থান রয়েছে ইরান-ইরাক সীমান্তে। ইরাকে তাদের আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তান রয়েছে।
গতকাল একাধিক ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম জানায়, কুর্দিরা ইরানে ইতিমধ্যে হামলা চালিয়েছে। তবে ইরান পরবর্তীতে জানায় এমন কিছু হয়নি।
সূত্র: রয়টার্স
আরআই/এসএন