শাহ আমানত বিমানবন্দরে আরো ১৪ ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
১১:৪১ পিএম | ০৬ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় চরম আকার ধারণ করেছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটে বিমান চলাচল বন্ধ থাকায় শুক্রবার (৬ মার্চ) আরো ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধাবস্থায় মোট ৬৮টি ফ্লাইট বাতিলের খবর নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই অঞ্চলের প্রধান এয়ারফিল্ডগুলো বন্ধ রয়েছে।ফলে আজ সারা দিন নির্ধারিত সূচির বড় একটি অংশ স্থগিত করতে হয়েছে।
আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে : বিমান বাংলাদেশ এয়ারলাইনস : মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এরাইভাল এবং ১টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়া : ৩টি এরাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস : ৩টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট। বিপর্যয়ের মধ্যেও মাস্কাট ও জেদ্দা রুটে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সালাম এয়ার : মাস্কাট-চট্টগ্রাম রুটে ২টি এরাইভাল (OV-401, OV-403) ও ২টি ডিপার্চার (OV-402, OV-404) ফ্লাইট। বিমান বাংলাদেশ : জেদ্দা-চট্টগ্রাম রুটে ১টি এরাইভাল (BG-136) ও ১টি ডিপার্চার (BG-135)। ইউএস-বাংলা : মাস্কাট-চট্টগ্রাম রুটে ১টি এরাইভাল (BS-322) ও ১টি ডিপার্চার (BS-321)।
কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এয়ারফিল্ডগুলো পুনরায় সচল না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে বিপাকে পড়েছেন শত শত প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে আপডেট তথ্য জানানো হচ্ছে।
ইউটি/টিএ