© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদযাত্রাকে ঘিরে বাড়তি ভাড়া আদায় বা হয়রানির সুযোগ দেওয়া হবে না: নৌপ্রতিমন্ত্রী

শেয়ার করুন:
ঈদযাত্রাকে ঘিরে বাড়তি ভাড়া আদায় বা হয়রানির সুযোগ দেওয়া হবে না: নৌপ্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ এএম | ০৭ মার্চ, ২০২৬
ঈদে নৌপথে যাত্রী নিরাপত্তা ও ভ্রমণ স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান (এমপি)।

শুক্রবার (৬ মার্চ) বরিশাল ক্লাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। ঈদযাত্রাকে ঘিরে কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় বা যাত্রী হয়রানির সুযোগ দেওয়া হবে না। বরং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়টি নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, সদরঘাটে অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মধ্য ঢাকার বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই নৌপথ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস খাতের শ্রমিকরা এতে বেশি সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

যেসব এলাকায় ড্রেজিং প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে। সরকারের ড্রেজার প্রস্তুত রয়েছে এবং কোথাও নাব্যতা সংকট দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, যাতে লঞ্চ চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে বলেও আশ্বস্ত করেন রাজীব আহসান।

অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ডা. কে. এম. মুজিবুল হক দোয়েল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. নজরুল ইসলাম সেলিম।

এসকে/টিএ

মন্তব্য করুন