© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে আটকে পড়া ৩ দলের জন্য বিশেষ ব্যবস্থা আইসিসির

শেয়ার করুন:
ভারতে আটকে পড়া ৩ দলের জন্য বিশেষ ব্যবস্থা আইসিসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫০ পিএম | ০৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশপথে তৈরি হওয়া জটিলতার প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া কয়েকটি দলের সফর পরিকল্পনায়ও। ভারতে আটকে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অবশ্য তাদেরকে নিজেদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে আইসিসি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে যাতে করে দলগুলো নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারে।

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ইংল্যান্ড দল শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দল কলকাতা থেকে একই চার্টার ফ্লাইটে প্রথমে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাবে।



সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল অ্যান্টিগায় ফিরবে। দুই দলের যাত্রার সম্ভাব্য দিন ধরা হচ্ছে রোববার, যদিও সুনির্দিষ্ট সময় এখনো নিশ্চিত হয়নি।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ; দুই দলই বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর থেকেই কলকাতায় অবস্থান করছে। ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। আর সুপার এইট পর্বের শেষ ম্যাচে ১ মার্চ ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

কলকাতায় আটকে থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও উঠে এসেছে। শনিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি ‘ষষ্ঠ দিন’ লিখে একটি পোস্ট দেন, যা কলকাতায় দলের ছয় দিন অবস্থানের ইঙ্গিত দেয়।

একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল জিম্বাবুয়ে দলও। ১ মার্চ তাদের শেষ ম্যাচের পরপরই তারা ভারত ছাড়তে পারেনি। যদিও দলটির কিছু সদস্য ৪ মার্চ দেশ ছাড়তে সক্ষম হয়।

এদিকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার আহমেদাবাদে। সেখানে স্বাগতিক ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আসরের মধ্য দিয়েই শেষ হবে প্রায় এক মাসব্যাপী প্রতিযোগিতাটির।

এমআর/টিকে 

মন্তব্য করুন