© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৫ পিএম | ০৭ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে ঈদ উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার (৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে সম্ভাব্য এ তারিখের কথা জানানো হয়।

শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে শুক্রবার।

জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন যে, বুধবার (১৮ মার্চ) রমজানের ২৯তম দিনে চাঁদ দেখার ঐতিহ্যবাহী রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে দেশটিতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন হিসেবে পালিত হবে এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার ঈদ উদযাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। ঈদের নামাজ দিয়ে এদিনের সূচনা হয়। এরপর দেশে–বিদেশে পরিবার–পরিজন নিয়ে সময় কাটানো, দান–খয়রাত করা ও নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চাঁদ হয়তো কেবল 'ইমেজ স্ট্যাকিং'-এর মতো উন্নত প্রযুক্তির মাধ্যমেই শনাক্ত করা সম্ভব হতে পারে, তবে সংযুক্ত আরব আমিরাত থেকে খালি চোখে এটি দেখা কোনোভাবেই সম্ভব হবে না।

তবে পর্যবেক্ষণ কেন্দ্রটি উল্লেখ করেছে যে, ভৌগোলিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পরিস্থিতি অনুকূলে থাকায় আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামি দেশে চাঁদটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই হিসাবের ভিত্তিতে একাডেমিটি সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০ মার্চ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাত এবং অধিকাংশ মুসলিম দেশে শাওয়াল মাস শুরু ও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যেসব দেশ কেবল খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, তারা স্থানীয় পর্যবেক্ষণের সাপেক্ষে শনিবার শাওয়াল মাস শুরু বা ঈদ উদযাপন করতে পারে।

এমকে/টিকে

মন্তব্য করুন