© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসির বিরুদ্ধে ‘বৈষম্যের’ অভিযোগ তুলে ডি কক-মিলারের ক্ষোভ

শেয়ার করুন:
আইসিসির বিরুদ্ধে ‘বৈষম্যের’ অভিযোগ তুলে ডি কক-মিলারের ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ এএম | ০৮ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরার ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার কুইন্টন ডি কক ও ডেভিড মিলার। তাদের অভিযোগ, ভ্রমণ ব্যবস্থাপনায় সব দলের ক্ষেত্রে সমান আচরণ করা হচ্ছে না।

টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরও দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল এখনো ভারতে অবস্থান করছে। আন্তর্জাতিক আকাশপথে চলমান কিছু বিধিনিষেধের কারণে তারা দেশে ফিরতে পারছে না বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকা ৪ মার্চ সেমিফাইনাল থেকে বিদায় নেয়, আর ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ সুপার এইট পর্বেই টুর্নামেন্ট শেষ করে।

অন্যদিকে ৫ মার্চ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড দল দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, মুম্বাই থেকে ইংল্যান্ড দলের জন্য একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে আইসিসি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন ডি কক।



ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমরা এখনো কিছুই জানি না, অথচ ইংল্যান্ড আমাদের আগেই চলে যাচ্ছে! ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা যেন অন্ধকারে রয়েছে।’

একই ধরনের মন্তব্য করেছেন তার সতীর্থ ডেভিড মিলারও। তার অভিযোগ, আগে বিদায় নিয়েও ইংল্যান্ড দ্রুত দেশে ফেরার সুযোগ পাচ্ছে, অথচ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এখনো অপেক্ষায়। বর্তমানে দুই দলই কলকাতায় অবস্থান করছে।

ধারণা করা হচ্ছে, তারা একসঙ্গে একটি ফ্লাইটে দেশে ফিরতে পারে, যা রোববার ছাড়তে পারে। সেই ফ্লাইটটি প্রথমে জোহানেসবার্গে যাবে, এরপর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা সেখান থেকে অ্যান্টিগার উদ্দেশ্যে রওনা দেবেন।

এই বিতর্কে সমর্থন জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। একই সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও। তার মতে, ক্রিকেট প্রশাসনে কোনো দলের প্রভাবের কারণে আলাদা সুবিধা পাওয়া উচিত নয়; সব দলকেই সমানভাবে বিবেচনা করা উচিত।

এসকে/টিকে

মন্তব্য করুন