বিশ্বকাপের কয়টি ট্রফি জিতল ভারত
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ০৯ মার্চ, ২০২৬
বিশ্বকাপ বলতে ফুটবল বিশ্বকাপকেই বুঝায়! কারণ ফুটবল বিশ্বকাপে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। ফুটবল বিশ্বকাপের হট ফেভারিট দল ব্রাজিল-আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকার এই দেশ দুটি- বাংলাদেশ থেকে ১৬ থেকে ১৭ হাজার কিলোমিটার দূরে হলেও; বিশ্বকাপ এলে বাংলাদেশের অধিকাংশ বাড়ির চেহারা পাল্টে যায়। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা বাড়ির ছাদে এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রিয় দলের পতাকা সাঁটানোর পাশাপাশি; বাড়ির রং প্রিয় দলের পতাকার রঙে রঙিন করে ফেলেন।
শুধু বাংলাদেশেই নয়! ফুটবল বিশ্বকাপের সময় এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি হয়। যে কারণে ফুটবল বিশ্বকাপকেই সত্যিকারের বিশ্বকাপ বলা হয়ে থাকে। ফুটবল বিশ্বকাপে সুযোগ পাওয়া মোটেও সহজ ব্যাপার নয়। সেখানে অনেক বেশি দল অংশ নেয়। ক্রিকেটে আধিপত্য বিস্তার করে যাওয়া ভারত এখনো ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি।
ফুটবলের তুলনায় ক্রিকেট বিশ্বকাপের পরিধি অনেক ছোট। তবে ধীরে ধীরে ক্রিকেট বিশ্বকাপের পরিধি বাড়ছে। গতবারের মতো এবারের সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় ২০টি দল। অথচ চলতি বছরের জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। যেখানে অংশ নেবে বিশ্বের সেরা ৪৮টি দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের বিশ দলের লড়াইয়ে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, আর ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।
এরপর দীর্ঘ অপেক্ষার পর গত বছর রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। গতকাল ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ৯৬ রানের বিশাল জয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ আসরের মধ্যে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন ভারত। এতদিন দুটি শিরোপা জয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় পজিশনে ছিল টিম ইন্ডিয়া। ওয়ানডে তথা ক্রিকেট বিশ্বকাপের আসর হয়েছে ১৩টি। তার মধ্যে দুইবার শিরোপা জিতে নেয় ভারত। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে টুর্নামেন্টের প্রথম দুই আসরের টানা চ্যাম্পিয়ন ওয়েষ্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
এরপর কেটে যায় ২৮ বছর। দীর্ঘ সময় বিশ্বকাপ বঞ্চিত ছিল ভারত। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ১৯৯৮ সাল থেকে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ আসরের মধ্যে দুইবার শিরোপা জিতে নেয় ভারত।
২০০২ সালে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়। যে কারণে ভারত এবং শ্রীলংকা উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। গত বছর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
২০১৯ সাল থেকে শুরু হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসর হলেও এখনও শিরোপা জিততে পারেনি ভারত। তবে দুইবার তারা রানার্সআপ হয়েছে। সেই হিসেবে আইসিসির ৪টি টুর্নামেন্টে (বিশ্বকাপ ১৩টি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ১০টি, চ্যাম্পিয়ন্স ট্রফি ৯টি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ৩টি) ৩২টি আসরের মধ্যে ভারত শিরোপা জিতেছে ৯টি।
এবি/টিকে
এবি/টিকে