বিশ্বকাপের চেয়েও বোর্ড থেকে বেশি অর্থ পাচ্ছে ভারত
ছবি: সংগৃহীত
০২:৫৮ পিএম | ১০ মার্চ, ২০২৬
ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। টানা দ্বিতীয়বার শিরোপা জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ধরে রাখা প্রথম দল হয়েছে তারা। বিশ্বকাপ জিতে আইসিসি থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে ম্যান ইন ব্লুরা। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলকে তার চেয়েও বেশি অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।
ঐতিহাসিক সাফল্যের পর ভারতের ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ড জানিয়েছে, অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থদের জন্য মোট ১৩১ কোটি রুপি পুরস্কার দেয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৭৪ কোটি টাকা।
ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের এই শিরোপা জয় আসে। ম্যাচটি অনুষ্ঠিত হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই জয়ের মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তিও গড়েছে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে বলেন, দলের এই অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানিয়েছে বোর্ড। ভবিষ্যতেও তাদের সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেয়া হয়েছিল। এবার সেই অঙ্ক বাড়িয়ে ১৩১ কোটি রুপি ঘোষণা করেছে বোর্ড।
উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের জন্য আইসিসি থেকেও প্রায় ২৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকা) পেয়েছে ভারত। তবে বোর্ডের দেয়া পুরস্কারের অঙ্ক আইসিসির প্রাইজমানির চেয়েও বেশি।
টিজে/টিকে