© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শর্ত সাপেক্ষে ইউরোপকে তেল-গ্যাস দিতে প্রস্তুত রাশিয়া

শেয়ার করুন:
শর্ত সাপেক্ষে ইউরোপকে তেল-গ্যাস দিতে প্রস্তুত রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১০ পিএম | ১০ মার্চ, ২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি দীর্ঘমেয়াদি ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দেয়, তাহলে রাশিয়া আবারও ইউরোপীয় ক্রেতাদের কাছে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। ইরান যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপে যখন তীব্র জ্বালানি সংকট, তখন এই ঘোষণা দিলেন রুশ নেতা।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার লক্ষ্যে সম্প্রতি দেশটি থেকে তেল ও গ্যাস কেনা প্রায় বন্ধ করে দেয় ইউরোপীয়রা। কিন্তু ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।

গত সোমবার (৯ মার্চ) এক বক্তব্যে পুতিন বলেন, ‘যদি ইউরোপীয় কোম্পানি ও ক্রেতারা হঠাৎ করে নিজেদের অবস্থান বদলে আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতা করতে চায়— তাহলে অবশ্যই এগিয়ে আসুক। আমরা কখনোই তা প্রত্যাখ্যান করিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে তাদের কাছ থেকে এমন কিছু স্পষ্ট বার্তা প্রয়োজন যে তারা সত্যিই আমাদের সঙ্গে কাজ করতে চায় এবং এই সহযোগিতার স্থায়িত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

এদিকে পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ তেলের ওপর আরোপ করা কিছু ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করবেন তিনি। এএফপির প্রতিবেদন মতে, পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘তেলের দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে আমরা কিছু নিষেধাজ্ঞা বাতিল করছি।’

ট্রাম্পের কথায়, ‘আমরা কয়েকটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেগুলো বাতিল করব।’ তবে ট্রাম্প কোনো সুনির্দিষ্ট দেশের নাম বলেননি। এমনকি কোন ধরনের নিষেধাজ্ঞা এবং সেটা কীভাবে বাতিল করবেন, সে বিষয়েও স্পষ্ট করেননি তিনি।

আইকে/টিএ

মন্তব্য করুন