কারও অধীনে নয়, বাংলাদেশ চলবে নিজের ইচ্ছায়: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:৫৯ পিএম | ১০ মার্চ, ২০২৬
বাংলাদেশ আর কখনোই অন্য কোনো দেশের নির্দেশনায় বা অধীনস্থ হয়ে চলবে না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (৯ মার্চ) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম হলে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ এখন থেকে সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় এবং স্বাধীনভাবে পরিচালিত হবে।
বিগত ফ্যাসিবাদী সরকারের কড়া সমালোচনা করে মন্ত্রী জানান, সেই আমলে দেশের পররাষ্ট্রনীতিকে কার্যত অন্য একটি রাষ্ট্রের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'সবার সঙ্গে বাংলাদেশ' এটিই এখন বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় অঙ্গীকার। পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ ও মর্যাদাই হলো বর্তমান পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তি।
নিজের কর্মজীবনের শুরুর কথা স্মরণ করে খলিলুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে এই নীতিগুলোই ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সেই সময়টিকে তিনি দেশের পররাষ্ট্রনীতির 'সোনালি সময়' হিসেবে আখ্যায়িত করেন। ওই সময়েই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আবারও সেই স্বাধীন ও মর্যাদাপূর্ণ অবস্থানেই ফিরে যাচ্ছে।
এই অনুষ্ঠানে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার পাশাপাশি একটি শোকাবহ তথ্যও নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান অস্থিরতা ও সংঘাতের মধ্যে পড়ে দুর্ভাগ্যজনকভাবে চারজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।
ইউটি/টিএ