৯টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন শনাক্তের দাবি আরব আমিরাতের
ছবি: সংগৃহীত
০২:৪৩ এএম | ১১ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ ইরানের ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন শনাক্ত করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ৮টি ধ্বংস করা হয়েছে এবং একটি সাগরে পড়ে গেছে।
তারা আরও জানিয়েছে, একই দিনে শনাক্ত করা ৩৫টি ড্রোনের মধ্যে ২৬টি ভূপাতিত করা হয়েছে, আর ৯টি আমিরাতের ভূখণ্ডে পড়ে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে মোট ২৬২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে ২৪১টি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১,৪৭৫টি ড্রোন হামলা চালানো হয়েছে, যার মধ্যে ১,৩৮৫টি ভূপাতিত করা হয়েছে।
এই হামলাগুলোর ফলে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতি, পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তারা আরও জানিয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যে-কোনো হুমকি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/টিএ