© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমাদের ভুল হয়েছে’, ইরানে স্কুলে হামলার দায় স্বীকার মার্কিন সিনেটরের!

শেয়ার করুন:
‘আমাদের ভুল হয়েছে’, ইরানে স্কুলে হামলার দায় স্বীকার মার্কিন সিনেটরের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৪ এএম | ১১ মার্চ, ২০২৬
দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে চালানো ভয়াবহ হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী হতে পারে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর জন কেনেডি। এই মর্মান্তিক ঘটনাকে একটি 'ভয়াবহ ভুল' হিসেবে আখ্যায়িত করে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। টাইমস অব ইসরায়েলের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেটর জন কেনেডি বলেন, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং তাদের দ্বারা একটি ভুল হয়েছে।

তিনি দাবি করেন, রাশিয়ার মতো কিছু দেশ ইচ্ছাকৃতভাবে এ ধরনের কাজ করলেও, যুক্তরাষ্ট্র কখনোই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। বর্তমানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্ত করে দেখছে জানিয়ে কেনেডি এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকান দলের আইনপ্রণেতাদের মধ্যে তিনিই প্রথম প্রকাশ্যে এই হামলার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাতে পারে বলে স্বীকার করলেন।

ইরানে যুদ্ধ শুরুর একেবারে প্রথম দিনেই এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানের মিনাব শহরের ওই মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল ওই বিদ্যালয়ের সাধারণ শিশু শিক্ষার্থী।

প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ভয়াবহ এই হামলায় সম্ভবত মার্কিন প্রযুক্তিতে তৈরি 'টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে এই ধারণার বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই দাবি করেছেন যে, হামলাটি সম্ভবত ইরান অথবা ইসরায়েল নিজেরাই চালিয়ে থাকতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে এমন প্রাণঘাতী হামলার ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিপুল সংখ্যক বেসামরিক মানুষের, বিশেষ করে নিরীহ শিশুদের প্রাণহানির এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছে তারা।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এমআর/টিএ 

মন্তব্য করুন