© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরব আমিরাত উপকূলে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি কুয়েত ও সৌদির

শেয়ার করুন:
আরব আমিরাত উপকূলে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি কুয়েত ও সৌদির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ১১ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। এছাড়া কুয়েতে ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করারও দাবি করা হয়েছে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ উপকূলের কাছে একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (প্রায় ৪৬ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থান করছিল, তখন এতে হামলা চালানো হয়।

জাহাজটির অধিনায়ক জানিয়েছেন, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনও জানা যায়নি। ইউকেএমটিও আরও জানায়, জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং সবাইকে শনাক্ত করা হয়েছে।

এদিকে কুয়েত ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা আটটি ড্রোন ভূপাতিত করেছে। নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই ড্রোনগুলো ভূপাতিত করেছে তারা।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক ঘণ্টার মধ্যে দেশটির এম্পটি কোয়ার্টার মরুভূমির আকাশে পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো শায়বা তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল।

সৌদি আরামকোর তথ্য অনুযায়ী, শায়বা তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে দুই দফায় আসা ড্রোনও তারা প্রতিহত করেছে।

টিজে/এসএন 

মন্তব্য করুন